বিজয় রায়, ছাতক
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে ছাতকের রণাঙ্গনের বীর সেনানী ভূমিহীন মুক্তিযোদ্ধা কানাই লাল দাস শীর্ষ যুদ্ধাপরাধীদের মতো দেশের জেলায়-উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা রাজাকারদেরও বিচার দেখে মরতে চান। যেসব রাজাকার, আলবদর-আলসামসরা বাংলার নিরীহ মানুষদের হত্যা, ধর্ষণ ও সম্পদ লুন্ঠন করেছে তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসী দাবী করেন এ বীর সেনানী। এসব নরপশুরা এখনো দাপটের সাথে বাংলার বুকে অশুভ বিচরণ করছে দেখে মুক্তিযোদ্ধা কানাই লাল দাস ক্ষুব্ধ হয়ে তার যুদ্ধকালীন কিছু ভয়াবহ স্মৃতির কথা তুলে ধরেন।
১৯৭১ সালে কানাইলাল দাস এক টগবগে যুবক ও ছাতক সিমেন্ট কারখানার একজন নতুন শ্রমিক ছিলেন। ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানী হায়েনাদের বর্বরোচিত হত্যাযজ্ঞ তিনি বেতারে শুনেছেন এবং ২৭ ও ২৮ মার্চ ছাতকে হানাদার বাহিনীর নির্মম আক্রমণ দেখে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়ার দীপ্ত শপথ নেন। ২৮ মার্চ বিকেলে ভারতের চেলাবাজারে বাঙালি শরণার্থী শিবিরে অন্যান্যদের সাথে যোগ দেন । ২৯ মার্চ ৭নং ব্যাচে ৬০ জনের একটি দল ট্রেনিং গ্রহনের জন্য বিএসএফ’র গাড়ি দিয়ে মেঘালয়ের জুরাইন নামক স্থানে পৌঁছেন। সেখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং সেন্টার ইকো-ওয়ান-এ ২৮দিন ট্রেনিং গ্রহণ করে মহান মুক্তিযদ্ধে অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের
সংগঠক ছাতকের এমএনএ আব্দুল হক, ডাঃ হারিছ আলী, মুক্তিযুদ্ধে অংশ নিতে আসা ইউছুফ আলী, ফনী ভুষন চৌধুরী, হেমেন্দ্র দাস পুরকায়েস্থ, আমির আলী, সুনীল চক্রবর্তী, ডাঃ শুধাংশ দে, ডাঃ অশোক দাশগুপ্ত বিজয়, রবীন্দ্র নাথ মিন্টু, অরুণ চক্রবর্তী, স্বরাজ দাস, আলকাছ আলী, লিলু মিয়া, হোসেন আলীসহ অনেকেরই সাথে তার দেখা হয়। পরে প্রয়োজনীয় আর্মস-এমোনিশন নিয়ে ক্যাপ্টেন হেলাল উদ্দিনের নির্দেশে ইউছুফ কোম্পানী ও শহীদ কোম্পানীর অধীনে ৬০ জনের একটি মুক্তিযোদ্ধা দল পাক-বাহিনীর দখলে থাকা পাথরঘাটা, টেংরাটিলা বেটিরগাঁও, হরিনাপাটি দখল নিতে অপারেশনে যান। দুদিন যুদ্ধ করে এসব গ্রাম মুক্তিযোদ্ধাদের দখলে আনা সম্ভব হয়। ওইদিন সুরমা নদী পথে আসা পাকাবাহিনীর একটি খাদ্যভর্তি জাহাজ আটক করেন তারা। বেটিরগাঁওয়ে যুদ্ধে পাক সেনাদের হাতে ৩০ মুক্তিযোদ্ধা শহীদ হন। পরের দিন মুক্তিযোদ্ধারা দু’ভাগে বিভক্ত হয়ে কান্দিগাঁও ও মহব্বতপুর ডিফেন্স নিলে পাকসেনাদের সাথে সম্মুখ যুদ্ধে ৭ মুক্তিযোদ্ধা শহীদ হয় এবং অল্পের জন্য বেঁচে যান ক্যাপ্টেন হেলাল। ভোরে ক্যোপ্টন হেলালের নির্দেশে সেকশন কমান্ডার উজির মিয়ার সাথে তিনিসহ মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, অমরেন্দ্র কর, শ্যাম সুন্দর রায়, পরেশ চন্দ, মতিলালসহ কয়েকজন পাকসেনার বাঙ্কারে গ্রেনেড হামলা করে ১১জন পাক সৈনিককে হত্যা করতে সক্ষম হন। এসময় দোয়ারার কাঁকন বিবি তাদের খবরা-খবর এনে দিতেন। পরবর্তীতে গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকসেনাদের দখল থেকে কৈতক হাসপাতাল মুক্ত, ডাবর ফেরী ধ্বংস, শ্রীপুর ও লক্ষীপুর, গন্ধর্বপুর, আলমপুর, মৈশাপুর দখলে নেয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের গোলাবর্ষণে ১২ জন রাজাকার নিহত হয়েছিল। পরদিন ঝাওয়া রেলওয়ে ও সড়ক ব্রীজ ধ্বংসে ইউসুফ আলীর নেতৃত্বে আব্দুল হালীম, আমীর হোসেন, উজির মিয়া, মজিদ মিয়া, মানিক লাল নাথ, মতিলাল, সিকান্দর আলী, অজয় ঘোষ, পরেশ চন্দ, অমরেন্দ্র কর, শ্যাম সুন্দরসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর টানা যুদ্ধে ছাতক হানাদার মুক্ত করা সম্ভব হয়। এসময় দুর্বিণটিলা, হাদাটিলা ও সিমেন্ট কারখানায় পাকসেনাদের ফেলে যাওয়া গোলাবারুদ ও রসদ খুঁজতে গিয়ে প্রতিটি বাংকারে ২-৩ জন করে ধর্ষিতা নারী পাওয়া যায়। পাকাবাহিনীর সাথে তাদের বটের খালে ২দিন, ভুরকীতে ৫দিন টানা যুদ্ধ চলে। পরে কর্নেল এমএজি ওসমানীর নির্দেশে গ্রামে-গ্রামে তল্লাসী চালিয়ে, গোরাবারুদ, গ্রেনেড, বেয়নেট উদ্ধার করে বিশ্বনাথের রামসুন্দর স্কুল মাঠে এনে জমা করেন। দেশ স্বাধীনের পর তার ব্যবহৃত এলএমজি-৫৭৮ অস্ত্রটি ক্যাপ্টেন হেলালের কাছে জমা দিয়ে পুনরায় ছাতক সিমেন্ট কারখানায় চাকুরিতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা কানাইলাল দাস। মাষ্টার টেকনিশিয়ান হয়ে ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে ভূমিহীন এই মুক্তিযোদ্ধা একটি ভাড়া বাসায় বসবাস করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে রাজাকারদের বিচার দেখে মরতে চান রণাঙ্গনের এ সৈনিক।