স্টাফ রিপোর্টার
রাতে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি গেলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। সোমবার রাত ১০ টায় সুনামগঞ্জ শহরতলির ইকবাল নগরের ঘরে ঘরে গিয়ে তিনি সকল পরিবারের হাতেই কম্বল তুলে দেন।
আগে থেকে না জানিয়েই ঘরে ঘরে গিয়ে কম্বল তুলে দেবার সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল যাতে আপনারা সকলেই পান সেই চেষ্টা আছে আমাদের। সকলের কাছে আমি হয়তো নিজে যেতে পারবো না। যাদের কাছে সম্ভব যেতে চাই। এসময় যারাই কম্বলের জন্য হাত বাড়িয়েছে, সকলকে কম্বল তুলে দেন তিনি। ঘরে ঘরে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে সকলকে একটা করে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান একজনও যেন শীতে কষ্ট না পায়।
ইকবালনগর গ্রামের আলেয়া বেগম বললেন,‘গতর খাটাইয়া যা পাই, কোন লাখান সংসার চালাই, লেপ-কম্বল কিনার সামর্থ নাই আমরার, ঘরও আইয়া ডিসি সাবে কম্বল দেওয়ায় খুশি অইছি।’ একই ধরণের মন্তব্য করলেন, গ্রামের অন্যরাও।
জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বললেন, শীতের তীব্রতা বাড়ায় মানুষ শীতে কষ্ট করছে। এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া কম্বল নিয়ে মানুষের পাশে দাড়াতে চাই। এই কার্যক্রম চলমান থাকবে।