জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এক ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন কওছর আহমেদ। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী তাপস দাস এ বিজয় কে মেনে না নিয়ে পুনঃগণনার আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার নিকট পৃথক লিখিত আবেদনে সোমবার তিনি এ দাবি জানান।
প্রার্থী ও তাঁর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডটি মেঘারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিয়ে অবস্থিত। মেঘারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাপস দাশ ফুটবল প্রতীকে ৫১৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কওছর আহমেদ এ কেন্দ্রে ৫ ভোট পান। অপরদিকে কামড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাপস দাসের এজেন্ট প্রথমে জানায় তিনি ১৬১ ভোট পেয়েছেন। এতে আমার মোট প্রাপ্ত ভোট হয় ৬৭৪ ভোট। এখানে তালা প্রতীকে আমার প্রতিদ্বন্দ্বী কওছর আহমেদ ৬২৫ ভোট পান। তার মোট প্রাপ্ত ভোট হয় ৬৩০।
মেঘারকান্দি গ্রামের বাসিন্দা সাধারণ সদস্য প্রার্থী তাপস দাশ বলেন, আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর সাথে আতাঁত করে আমাকে কামড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬১ ভোটের পরিবর্তে ১১৬ ভোট দেখিয়ে ১ ভোটে পরাজিত করা হয়। আমি নির্বাচনী ফলাফল স্থগিত করে পুনগণনার দাবি জানাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, রানীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বার বার ভোট গণনার মাধ্যমে ফলাফল দেওয়া হয়েছে। অভিযোগকারীকে কোন অভিযোগ থাকলে নির্বাচনী ট্রাইবুনালে অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।