- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রামদীঘায় বিদ্যুতায়িত হয়ে ৪ মৃত্যুর দায় কার?

মধ্যনগরের রামদীঘা গ্রামের এক পরিবারে মঙ্গলবার সকালে যেন জলজ্ব্যন্ত মৃত্যুদূত নেমে এসেছিল। মৃত্যুদূত ভর করেছিল পল্লী বিদ্যুতের তারে। কোন ধরনের মৃত্যুচিন্তা দূর চিন্তার মধ্যে না রেখেই এদিনও ঘরের বারান্দায় বসে মুড়ি খাচ্ছিলেন রঞ্জিত সরকার। কাছাকাছিই মুড়ির বাটি হাতে অবস্থান করছিলেন তাঁর স্ত্রী রীতা সরকার। এসময়ই তার বাড়ির কাছ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের মেইন লাইনের তার ছিড়ে পড়ে রঞ্জিত আর রীতার উপর। চোখের পলক ফেলার আগেই বিদ্যুতায়িত হয়ে ছটফটানি শুরু হয় তাদের। পুত্র ও পুত্রবধুর ছটফটানি দেখে কাছে থাকা ৭০ বছর বয়সী জগদীশ সরকার স্থির থাকতে পারলেন না। বিদ্যুতায়িত কাউকে হাত দিয়ে ধরতে নাই এমন কথা তিনি জীবনে কখনও শুনেছেন কি শুনেন নাই তার কোন তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে তারের প্যাঁচ থেকে উদ্ধার করার চেষ্টা করেন তিনি মৃত্যুযন্ত্রণায় কাতর পুত্র আর পুত্রবধুকে। একই কা- করে প্রতিবেশী ১০ বছর বয়সী সোনালী দাস এবং অবধারিতভাবে তারাও বিদ্যুতায়িত হয়। রামদীঘার এক বাড়িতে তখন চার চারটি তাজা প্রাণের নিথর দেহ শোকের আকাশ ভারী করে ফেলেছে। খবর পেয়ে প্রশাসনের ও পল্লী বিদ্যুতের কর্তাব্যক্তিরা এসে পৌছান। নিহতদের স্বজনদের ভুল বুঝিয়ে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের প্ররোচনা দেন যাতে করে পল্লী বিদ্যুতকে এই দুর্ঘটনার দায় থেকে রেহাই দেওয়া যায়। প্রশাসন চার জনের দাহকাজের জন্য ১০ হাজার টাকা দান বিলোলেন।  দরিদ্র পরিবারের চার ব্যক্তির জীবনাবসানের গল্প এখানেই শেষ। এখন পল্লী বিদ্যুতের মেইন লাইনের শক্তিশালী তার ছিড়ে পড়ার বিষয়টি বেমালুম চাপা পড়ে যাবে। এই দুর্ঘটনার জন্য কাউকে জবাবদিহি করতে হবে না। সকলে এমন ভাব করবেন যে, মঙ্গলবার সকালে রামদীঘাতে যেন কস্মিনকালেও কিছু ঘটেনি। না, রঞ্জিত-রীতা দম্পতি মরেছে না তার বাবা কিংবা প্রতিবেশী অবোধ সোনালী। জগৎ-সংসার এনিয়ে মাথা না ঘামালেও নিহত চার ব্যক্তির স্বজনরা কি সহজে ভুলতে পারবে এই তীব্র শোক? বোধহীন এক অন্ধ সময়ে দাঁড়িয়ে আমরা এর কিছুই বুঝতে অক্ষম আজ।
স্থানীয়রা অভিযোগ করেছেন পল্লী বিদ্যুতের খুঁটি বসানো ও তার টানানোতে ঠিকাদারের ত্রুটি ছিল। তারা এনিয়ে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছিলেন। স্থানীয়দের অকাট্য যুক্তি এরকম ‘ত্রুটি না থাকলে ঝড়-তুফান বাতাস ছাড়াই তার ছিড়ে পড়তো না।’ এই যুক্তি খ-ানোর কোন বিশেষজ্ঞ পরামর্শ আছে কি? পল্লী বিদ্যুতের নেত্রকোনার ডিজিএম বলেই দিয়েছেন, এই অভিযোগ সঠিক নয়। সঠিক নয় বলার পরও তিনি তিন সদস্যের তদন্ত কমিটি করে ২ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার অফিস আদেশ জারি করেছেন। তিনি যেখানে বললেন, স্থানীয়দের অভিযোগ সত্য নয় সেখানে এই তদন্ত কমিটি কী তদন্ত করবে আমাদের ছোট মাথায় এতো বড় বিষয় ঢুকতে অক্ষম। কারিগরি বিষয় বাদই দিলাম। এই মৃত্যুর একটি মানবিক দিকও তো রয়েছে। সেটিও উপেক্ষিত হলো রামদীঘা গ্রামে। না প্রশাসন না পল্লী বিদ্যুত কেউ নিহত চার দরিদ্র ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াননি।
পল্লী বিদ্যুতের মাধ্যমে সারা বাংলাদেশকে আলোকিত করার এক উচ্চাভিলাসী স্বপ্নে বিভোর আমরা। খাল-বিল-নদী-নালার উপর দিয়ে, এর চালের উপর দিয়ে ওর ঘরের কাছ দিয়ে এ গ্রামের গাছের ফাঁক গলিয়ে এখন জালের মতো টানা হচ্ছে ২২০ ভোল্টের গনগনে তার। হাওরের পানি বাড়লে ওই তারে শরীর লেগে যায়। যার ঘরের সামনে খুঁটি বসানো হয়েছে তিনি নিজের ঘরের সম্প্রসারণ করতে পারেন না। বাঁশের খুঁটি দিয়ে টেনে নেয়া হয়েছে লাইন বহু জায়গা।  এমন অদ্ভূত বিদ্যুৎ উন্নয়ন দেখে আমরা চমকিত হচ্ছি। কিন্তু বেঘোরে যে এতে নীরিহ পল্লীবাসীর প্রাণ যাচ্ছে তাতে হতবাক হচ্ছি না। গতবার কোন এক হাওরে এমন তারে বিদ্যুতাািয়ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুতের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে এমন অনিরাপদ অবস্থা বাংলাদেশ বলেই বোধ করি সম্ভব হয়।
রামদীঘার দরিদ্র পরিবারের চার ব্যক্তির অসহায় ও যন্ত্রণাদায়ক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাদের মৃত্যুর দায় পল্লী বিদ্যুত গ্রহণ করুক এবং এজন্য নিহতদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পাক, যে ঠিকাদার ত্রুটিযুক্ত কাজ করেছেন, যে প্রকৌশলী এই কাজ দেখভাল করেছেন তাদের উপযুক্ত বিচার হোক, এ আমাদের কামনা। এমন কামনার বাস্তবায়ন কখনও হবে কি?

  • [১]