স্টাফ রিপোর্টার
পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ’র সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন। বিকাল সোয়া ৪ টা থেকে প্রায় ৫ টা পর্যন্ত বঙ্গবভনের এই সাক্ষাৎ পর্বে পিএসসি’র যুগোপযুগি নানা কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
প্রায় ৪৫ মিনিটের সাক্ষাৎ পর্বে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক পিএসসির যুগোপযুগি এবং উত্তম চর্চার নানা বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় পিএসসির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, পিএসসির কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন ও দ্রততার সঙ্গে করার জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে ফলাফলের ব্যবস্থা করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের আইন প্রণয়ন কার্যক্রমের বিষয়ে রাষ্টপতিকে অবহিত করেন পিএসসির চেয়ারম্যান।
ব্যক্তিগত আলাপচারিতায় রাষ্টপতি আবদুল হামিদ বলেন, ‘সুনামগঞ্জের সন্তান আপনি, সুনামগঞ্জে আমার অনেক স্মৃতি
রয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে আমি সুনামগঞ্জের সীমান্ত ও হাওর এলাকা ঘুরে বেড়িয়েছি’। রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর নানা স্মৃতিচারণ করেন।
মোহাম্মদ সাদিক রাষ্ট্রপতিকে তাঁর গবেষণাগ্রন্থ ও গত বই মেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কবিতাসংগ্রহ’ উপহার দেন। সাক্ষাৎকালে পিএসসি’র চেয়ারম্যানের সঙ্গে কমিশনের সচিব নুরুন্নবী তালুকদার উপস্থিত ছিলেন।