- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাস্তার পাশে মাটি নেই তাই উল্টে গেলো বাস

পাগলাবাজার প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় রাস্তার পাশে মাটি না থাকার কারণে বাস উল্টে সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের ব্রিজের পূর্ব পাশে মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকালে মামুন এন্ড মাহবুব এন্টারপ্রাইজ (সিলেট- জ ০৪-০০৪৮) এর একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলো। ১০ টায় ঘটনাস্থলে পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার বাস এ বাসটিকে অতিক্রম করতে গেলে এরকম দুর্ঘটনাটি ঘটে। বাসে যাত্রী সংখ্যা কম হওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গাড়ি চালক ও  স্থানীয় একাধিক ব্যক্তি। তবে এ দুর্ঘটনার জন্য রাস্তার        পাশে মাটি না থাকাকেই দায়ী করেছেন সকলে।
দুর্ঘটনা কবলিত বাসের চালক লাকু বাবু বলেন, শ্যামলী আমার গাড়িকে অতিক্রম করছিলো। আমি পাশ ঘেঁষে ধীরে ধীরে শ্যামলীকে রাস্তা দিচ্ছিলাম। কিন্তু আগের চাকা নিচে নেমে যাওয়ায় ও রাস্তার পাশে মাটি না থাকায় গাড়ি উল্টে গেছে। গাড়িতে যাত্রী কম ও গাড়ির গতি কম হওয়ায় বড় ধরনের কোনো অঘটন ঘটে নি।
প্রত্যক্ষদর্শী বাছিরুল ইসলাম বাছির বলেন, পাগলার এই যায়গাসহ বেশ কিছু জায়গায় রাস্তার পাশে কোনো মাটি নেই। রাস্তা থেকে মূল মাটি দেড় দুই ফুট নিচে। কোনো কারণে যদি পা পিছলে যায় নিশ্চিত দুর্ঘটনা। অবিলম্বে রাস্তা সংস্কার জরুরী।
জয়কল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের লোক ঘটনাস্থলে গিয়ে বাসটি আমাদের নিয়ন্ত্রণে এনেছে। মূলত রাস্তার পাশে মাটি না থাকায়ই এমন দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, গতবছর প্রায় একই জায়গায় রাস্তার পাশে মাটি না থাকায় মালবাহী ট্রাক উল্টে কাঁঠালহাটার নৈশ প্রহরী নূরী মিয়া (৬৫) নামের এক লোক মারা গিয়েছিলেন। তখন বিভিন্ন মহল থেকে রাস্তার পাশে মাটি দেওয়ার দাবি ও গণমাধ্যমে একাধিক বার খবর প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

  • [১]