স্টাফ রিপোর্টার
শহরের রায় পাড়ার মোড়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ সৃষ্টি হয়ে আশপাশ এলাকার গ্রাহকদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ওই ট্রান্সফরমারের বৈদ্যুতিক তারের পজেটিভ ও নেগটিভ লাইন একত্র হয়ে বিকট শব্দে বিকল
হয়ে পড়ে। এতে ট্রান্সফারমারের আওতাধীন আবাসিক এলাকার গ্রাহকদের বাসা-বাড়ির বাল্ব, টিভি, ফ্রিজ, কম্পিউটার ও ব্যবসায়ীদের ফটোস্ট্যাট মেশিন বিকল হয়েছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন অনেকেই।
পুরাতন বাসস্টেশন এলাকার ব্যবসায়ী শ্যামল ফটোস্ট্যাটের মালিক শ্যামল কান্তি রায় বলেন,‘ হঠাৎ করে রায় পাড়ার মোড়ের ট্রান্সফরমারে বিকট শব্দ হয়ে আশপাশের সকল লাইন বন্ধ হয়ে যায়। এর আগে খুব বেশী ভোল্টেজ বেড়েছিল। এতে রায়পাড়া, সোমপাড়ার অনেকের বাসা-বাড়ির বাল্ব, টিভি, ফ্রিজ, কম্পিউটার নষ্ট হয়েছে। আমার দোকানের দুইটি ফটোস্ট্যাট মেশিন নষ্ট হয়েছে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী আলমগীর হোসেন বলেন,‘ ওই ট্রান্সফরামের পজেটিভ ও নেগেটিভ লাইন একত্র হয়ে অতিরিক্ত ভোল্টেজ প্রবাহ হওয়ায় বিকল হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে তাৎক্ষণিক মেরামত করে দেয়া হয়েছে।’