রিক্সাচালক আমজদ আলী সততার সংকটকালে বিরলতম সততা দেখিয়ে সকলের প্রশংসাধন্য হয়েছেন। সৎভাবে বাকী জীবন কাটানোর নিশ্চয়তা বিধানে জেলা প্রশাসন তাঁকে একটি রিক্সা সহায়তা হিসাবে উপহার দিয়েছেন। তার নামে এখন জয়-জয়কার উঠেছে। সমাজ-সংসারের চর্তুদিকে যখন সীমাহীন অসততার চর্চা দেখে দেখে আমাদের চোখ-মন অন্ধ এবং বন্ধ হয়ে গেছে তখন আমজদ আলীর প্রয়াস কিছুটা স্বস্তিদায়ক তো বটেই। আমজাদ আলীদের কারণেই আমরা অন্তত এটুকু ভেবে আনন্দ পাব যে, চারপাশের পুরোটাই নষ্ট হয়েছে সত্য তবে একেবারে পঁচে যায়নি। আসলে সমাজের বৃহৎ অংশ যারা আমজনতা নামে খ্যাত অথবা অবজ্ঞাত, তারা কিন্তু ভালই আছেন। তাদের মন স্বচ্ছ এবং চিন্তাভাবনা সরল। কিন্তু সমস্যা হচ্ছে এই আমজনতা সমাজকে নিয়ন্ত্রণ করে না। ফলে তাদের ভালমানুষিটা সমাজের গায়ে তেমন করে ভেসে উঠে না। অল্পসংখ্যক লোক যারা ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাবশালী তাঁরাই সমাজের নিয়ন্ত্রক ও দ-মুন্ডের মালিক-বরকরদার। এরা এখন নিকৃষ্টতমভাবে অসততার পূজারী। তাই সমাজ দেহে এদের প্রতিফলনটাই দেখতে পাই আমরা। প্রতিনিয়ত বিপন্ন ব্যথিত ও ক্ষতিগ্রস্ত হই এতে আমরাই-আমজনতা। আমজনতা বনাম প্রতিপত্তিশালীদের এই পরষ্পরবিরোধী জায়গায় আমজাদ আলী আজ দেখিয়ে দিলেন মানুষের ধর্ম কী হওয়া উচিৎ। ধন্য আমজাদ আলী। অবনত শ্রদ্ধা আপনাকে।
কী করেছেন তিনি? না, তিনি তৃতীয় মহাযুদ্ধের হাত থেকে বিশ্বকে বাঁচাননি। তিনি সকল অত্যাচারিতের মুখে স্বস্তির রেখাও এঁকে দেননি। তিনি অসাম্য ও দারিদ্রতা ঘুচিয়ে নোবেল পুরষ্কারের জন্যও মনোনয়নপ্রাপ্ত হননি। কৃতকর্মের কারণে মহৎ ব্যক্তি হিসাবে তাঁর জীবনী লিখতে আগ্রহী হবেন না কেউ। তারপরেও তিনি এমন কীছু করেছেন যা অনেকেই করেন না। অনেক ভদ্রলোক রয়েছেন যারা প্রকাশ্যে অপকর্ম করেন না, কিন্তু লুকিয়ে সুযোগ পেলে একই অপকর্ম সারতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। রাস্তায় কুঁড়িয়ে পাওয়া টাকা পা দিয়ে ঢেকে চারপাশ তাকিয়ে একটু সুযোগ পেলেই লুকিয়ে পকেটস্থ করতেও ওস্তাদ অনেকে। আমজাদ আলীও এরকম সুযোগ পেয়েছিলেন। আমাদের জানামতে অন্তত দুইবার। একবার রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন ৫০ হ্জাার টাকা। আরেকবার পান সাড়ে পনের হাজার টাকা ও মূল্যবান কিছু দলিলপত্র। তিনি এসব মেরে দেননি। খুঁজে খুঁজে প্রকৃত মালিকের হাতে ফেরৎ দিয়েছেন। আপাতদৃষ্টিতে তার মতো ব্যক্তির নিকট ৫০ হাজার বা সাড়ে পনের হাজার টাকা ফেলনা বস্তু নয়। এই টাকায় হয়তো কিছুটা স্বস্তি আসতো তাঁর জীবনে। কিন্তু মনের কুঠরে তিনি যে হিরার আলো জ্বালিয়ে রেখেছেন সেখানে তো সামান্য ওই ক’টি টাকা কয়লার অন্ধকারের মতো বিষয়। আমজাদ আলীর অন্তকরণের এই আলোটুকুই আমাদের তৃপ্ত করার উপকরণ।
আমাদের তৃপ্তি পরিপূর্ণ হবে যদি এই আলো আরও বহু হৃদয়ে প্রজ্বলিত হয়। আজ যারা আমজাদ আলীর প্রশংসায় পঞ্চমুখ তারা বুকে হাত দিয়ে যদি ওই হিরক-আলোয় নিজেকে উদ্ভাসিত করেন তাহলে সমাজের দীপ্তি একটি সূর্যের প্রখরতার চাইতেও অধিক তেজশ্বী হয়ে উঠতে বাধ্য। জেলা প্রশাসন হয়তো একটি রিক্সা দিয়ে আমজাদ আলীর সততাকে পুরষ্কৃত করার প্রয়াস পেয়েছেন, এটি জেলা প্রশাসনের ধন্যবাদ পাওয়ার যোগ্য কাজ। আর যদি আমজাদ আলীকে দেখে অন্তত কিছু মানুষও সততার অঙ্গভূষণে নিজেকে সাজিয়ে তোলেন ত্হালে আমাদের প্রাপ্তির জগৎটা অনেক অনেক বড় হয়ে উঠবে। আমরা আমজাদ আলী নামক সততার এই প্রতীককে নিজের হৃদয়ের জ্বালানী হিসাবেই আজ অভিষিক্ত করতে চাই। জয় হোক সততার ।