সু.খবর ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের লোপাট হওয়া টাকা উদ্ধারে বিএনপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম। সোমবার সকালে বিএনপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকে গিয়ে নতুন গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের লোপাট হওয়া টাকা উদ্ধারে সহায়তা দেবে বিএনপি। এটা জনগণের টাকা। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিষয়টি নিয়ে বিএনপি উদ্বিগ্ন।’
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা লোপাটের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি গবেষণা প্রতিবেদন তৈরি করতে বলেছিলেন। সেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সোমবার গভর্নরের কাছে সেই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
আব্দুস সালাম আরও জানান, রিজার্ভের লোপাট হওয়া টাকা উদ্ধার বিএনপি সহায়তা দেবে শুনে গভর্নর খুশি হয়েছেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।