- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রিজার্ভ চুরির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বিএনপি

সু.খবর ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরারও দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,’সরকার কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার দায় এড়াতে  পারে না। এ পর্যন্ত চুরির ঘটনার কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেনি।’
বিএনপিকে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার যথাযথ তদন্ত করে তা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সমগ্র জাতি জানতে চায়, কারা এ লুণ্ঠনের সাথে জড়িত, কীভাবে এ ঘটনা ঘটলো।’
সংবাদ সম্মেলনে রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিমত ও মতামতের উপর ভিত্তি করে তৈরি ‘তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণ’  তুলে ধরেন দলের নির্বাহী কমিটির সদস্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার শামা ওবায়েদ।
ওই বিশ্লেষণে শামা ওবায়েদ বলেন, ‘সুইফট বিশ্ব পরিসরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সমূহের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্য পেয়ে থাকে। এরজন্য রয়েছে রুদ্ধ মানসম্পন্ন নেটওয়ার্ক। প্রত্যেক সদস্য ব্যাংক লাইসেন্স প্রাপ্ত হয়ে একটি একক পরিচিতি কোড, সফটওয়্যার এবং সেবা পায়; যার দ্বারা সুইফটনেটের সঙ্গে যুক্ত হতে পারে। এটি প্রতিদিন ২ কোটি আর্থিক বার্তা আদান-প্রদান করে এবং এর সঙ্গে বিশ্বের ১০ হাজারের বেশি আর্থিক প্রতিষ্ঠান জড়িত। ভেতরের মানুষ জড়িত না থাকলে এটি (হ্যাকিং) প্রায় অসম্ভব। যদি ভেতরের লোকজন জড়িত না থাকে, তাহলে তাদেরকে (হ্যাকার) ভেতর থেকে সহায়তা করা হয়েছে।’
‘কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের যোগসাজসে’ রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, ‘এটা স্পষ্ট যে, কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দ্বারা এই কাজ করা সম্ভব। বাইরে থেকে অন্যকারো পক্ষেও এই কাজ করা সম্ভব নয়। রাজকোষের এই লুণ্ঠণ আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। এই ভয়াবহ ঘটনায় দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণ আস্থা হারাবে। শুধুমাত্র গর্ভনরের পদত্যাগে এই সমস্যার সমাধান নয়, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উৎঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।’
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ম্যাট বিশপ স্কাইপের মাধ্যমে তার মতামত জানান।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আসম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. ওসমান ফারুক, ইনাম আহমেদে চৌধুরী, রিয়াজ রহমান, অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ ও সাংবাদিক মাহফুজউল্লাহ উপস্থিত ছিলেন।

  • [১]