সু.খবর ডেস্ক
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ও মইন আলি দিনের প্রথম দুই ওভারে ১৪ রান যোগ করার পর মেহেদি হাসান মিরাজ ইংলিশ ব্যাটিং অর্ডারে আঘাত হানেন। ১৫তম ওভারের শুরুতে প্রথমে লো ফুলটস দিয়ে চার রান খরচ করলেও ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়ে সরাসরি বোল্ড হন মইন আলী। সেখানেই থামেননি বাংলাদেশি স্পিনাররা। উইকেটে নতুন আসা অলরাউন্ডার বেন স্টোকসকে ঠিক পরের ওভারেই
শর্ট লেগে থাকা মমিনুলের ক্যাচে পরিনত করেন তাইজুল। ইংলিশদের রান তখন ৬৯ রান পাঁচ উইকেটে। স্টোকসের বিদায়ের পর ক্রিজে আসেন উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ভালোই খেলছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান বেয়ারস্টো এবং রুট। ৪৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনেও তুলছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। এবারো ব্রেক থ্রু এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। ২৪ রান করা বেয়ারস্টোকে দুর্দান্ত একটি বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান তিনি। ফলে ৬ উইকেট হারিয়ে আবারো বিপর্যয়ে পড়ে ইংলিশরা। এরপর ব্যাটিংয়ের হাল ধরতে ক্রিজে আসেন অভিষিক্ত জাফর আনসারি। কিন্তু তিনিও বেশীক্ষণ দাঁড়াতে পারেননি মিরাজের ঘূর্ণির সামনে। ব্যাটের কানায় লেগে শুভাগত হোমকে ক্যাচ দিয়ে ১৩ রান করে ফেরেন আনসারি। এরপর দুর্দান্ত খেলতে থাকা জো রুটকে ফেরান তাইজুল ইসলাম। ৬৬ রান করে আউট হন তিনি। রুটের বিদায়ের পর লাঞ্চের আগে আর কোন বিপদ ঘটতে দেননি ক্রিস ওকস ও আদিল রাশিদ। আট উইকেট হারিয়ে ইংল্যান্ড দল এখনও ৫৭ রানে পিছিয়ে আছে। দিনের শুরুতে দুই উইকেট নেয়া মিরাজ লাঞ্চে আগেই নিজের দ্বিতীয় টেস্টেই দ্বিতীয়বারের মত পাঁচ উইকেট শিকার করলেন। লাঞ্চের পর আবিদ রাশিদ ও ক্রিস ওকস পেসার রাব্বি ও শুভাগত হোমের উপর চড়াও হন। নবম উইকেটে দ্রুত বাংলাদেশের বিপক্ষে প্রথম অর্ধশত রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
এই জুটি বাংলাদেশের লিড নেয়ার আশা ধূলিসাৎ করে দেয়। ইংলিশদের লিড যখন ৩ রান তখন সাব্বিরের ফুল টসে মিড উইকেটে সহজ ক্যাচ দেন ওকস। কিন্তু টিভি আম্পায়ারের রিপ্লের পর বলটিকে নো বল ঘোষণা করা হয়। বাংলাদেশের নির্জীব বোলিং ও মুশফিকের প্রশ্নবিদ্ধ অধিনায়কত্বে রাশিদ-ওকসের জুটি শত রানের কাছকাছি পৌঁছে যায়। অবশেষে নতুন বল নিয়ে থিতু হওয়া ওকসকে থামান সেই মিরাজ।
৪৬ রান করা ওকস সামনে এসে খেলতে গিয়ে লেগ ব্লিপে দারুন ক্যাচে পরিণত হন। ঠিক পরের ওভারে আবারো উইকেট হারায় ইংলিশরা। তাইজুলের করা বলটি স্পিন ও বাউন্সের মিশেলে স্টিভেন ফিনের ব্যাট ছুঁয়ে মুশফিকের গ্লাভসে পৌঁছে যায়।
সেই সাথে ২৪৪ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। বাংলাদেশ দল ২৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে।