স্টাফ রিপোর্টার
‘কে আমার ঘর ভেঙেছে সর্বনাশে, বাংলাদেশে জঙ্গিবাদী রাখব না….সবাই মিলে হবে ঐক্য, আমি ভয় করব না ভাই, ভয় করব না’ এসব গান-কবিতা ও ‘জয় বাংলা’ স্লোগানে মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠার আহবান জানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে ঐক্য-প্রতিরোধ-প্রতিহত করার মুষ্টিবদ্ধ দৃপ্ত শপথ। মানবতার স্লোগান নিয়ে শিল্পী, রাজনৈতিক নেতা-কর্মী, বাউল, কবিসহ হাজারো প্রতিবাদী মানুষের মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সুনামগঞ্জ শহর। স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদী মিছিল দেখে অনেক পথচারীরাও এসে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে একাত্মতা প্রকাশ করেন।
শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী’র উদ্যোগে পুরাতন শিল্পকলা একাডেমী চত্বর থেকে জঙ্গিবাদ বিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের ফাঁকে ফাঁকে চলে গণসঙ্গীত, কবিতা পাঠ ও জঙ্গিবাদ বিরোধী স্লোগান।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা।
জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘আমরা সবাই আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অচিরেই মধ্য আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। কেউ আর এখন আমাদের প্রিয় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের সমান ভূখন্ড লাভ করেছি। দেশের এই উন্নয়ন একটি পক্ষ ভালো চোখে দেখতে পারছে না। এরই ফলশ্রুতিতে দেশের নানা প্রান্তে ঘটছে জঙ্গিবাদি কার্যক্রম। এরাই আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করে ধংসের পথে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন,‘ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে যারা জঙ্গিবাদি কার্যক্রম করছে তারা ইসলামকেই কলংকিত করছে। এই ধর্মে জঙ্গিবাদ, হত্যা ও প্রতিহিংসার কোনো স্থান নেই।’
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ছেলেমেয়েদের কার সাথে মেলামেশা করে খেয়াল রাখতে হবে। বিভ্রান্তি বা উগ্রবাদে যেন তারা
জড়িত না হয় সেজন্য তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে।’
তিনি বলেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার। উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ঐক্যবদ্ধভাবে আমরা জঙ্গিবাদকে নির্মূল করব।’
এছাড়াও বক্তব্য রাখেন, ডেপুটি কালেক্টরেট, নেজারত সোহেল রানা, জেলা জাসদের সভাপতি আতম সালেহ্, প্রবীণ শিক্ষক যুগেশ্বর দাস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, পৌর কলেজের সহযোগি অধ্যাপক শাহ আবু নাসের, জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরি ভট্টাচার্য্য, সংস্কৃতিকর্মী আমান উল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারী নেত্রী শীলা রায়, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, অ্যাড. সালেহ আহমদ, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা সঞ্চিতা চৌধুরী, শুক্লা রায় চৌধুরী, জেলা উদীচীর সহ-সভাপতি অঞ্জন চৌধুরী, লোকদল শিল্পীগোষ্ঠির সভাপতি বিধান বনিক, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি সামিনা চৌধুরী মনি প্রমুখ।
জেলা মহিলা পরিষদ, সৌখিন নাট্য সংস্থ্য, ধানেশ্রী সংগীত একাডেমী ও সাংস্কৃতিক সংগঠন, লোকদল শিল্পীগোষ্ঠি, জেলা উদীচী, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সালমান শাহ স্মৃতি পরিষদ, সুরালোক সাংস্কৃতিক সংস্থা ও সংগীত বিদ্যালয়, সুনামগঞ্জ থিয়েটার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, স্বপ্নাদর্শ, শতদল শিল্পীগোষ্ঠি ও সংগীত বিদ্যালয়, জেলা গীতিকার ফোরাম, বুলবুল সংগীত নিকেতন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সুনামগঞ্জ প্রসেনিয়াম, সারেগামা শিশু সংগঠন ও সামাজিক সংস্থা, জেলা রোভার স্কাউটস, স্পন্দন সামাজিক সংগঠন।
সমাবেশ শেষে জঙ্গি বিরোধী সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শপথবাক্য পাঠ করান সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা।