- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রুদ্ধশ্বাস জয়

সু.খবর ডেস্ক
শেষের আগে কি শেষ বলতে আছে, মৃত্যুর আগে কাউকে শব! কখনোই না। আর তাই জীবন এত সুন্দর, তার যাপন এত বৈচিত্র্যময়। আর তাই ক্রিকেট এত রোমাঞ্চকর, ক্রিকেটের প্রতিটি মুহূর্ত এত শ্বাসরুদ্ধকর। আফগান ব্যাটসম্যানরা যখন ১৪৪ রানের জুটি নিয়ে এগিয়ে চলছে, যখন মিরপুরের হতাশ গ্যালারিও সিট ছাড়তে শুরু করেছেন, যখন হতাশ দর্শক টেলিভিশন সেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন একজন মানুষ তার বাকি দশ সতীর্থের ওপর বিশ্বাস ধরে রেখেছিলেন। তিনি অধিনায়ক মাশরাফি। তিনি জানতেন, আগুন চাপা থাকলেও তার আঁচ থাকে, প্রয়োজনে শরীরের সর্বস্ব দিয়ে শুধু ‘ফুঁ’ দিতে হয়! যেটা তিনি করেছিলেন তাসকিন আর রুবেলকে দিয়ে। যে বোলার প্রথম ছয় ওভারে ৫৯ রান দিয়েছিলেন, সেই তাসকিনকেই শেষে এনে চার উইকেট তুলে নেন। যে রুবেল ৭ ওভারে ৪৩ দিয়েছিলেন, শেষে তার ইয়র্কার দিয়েই গলায় বেঁধে থাকা আফগান কাঁটা তুলে নেন। আর এভাবেই অনেক দোলাচলের পর, স্নায়ুর ওপর প্রচণ্ড একটা ঝড় বয়ে যাওয়ার পর গল্পের শেষ অঙ্কে এসে ৭ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। বিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। এই জয়ের অনন্য রূপকার সাকিব আল হাসান। মূলত তার শেষ দুটি ওভারেই পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি প্রাণ ফিরে পায়। ৬০ বলে যখন আফগানিস্তানের দরকার ৭৭ রান, ক্রিজে দাপিয়ে বেড়াচ্ছেন দুই আফগান শহিদি আর রহমত শাহ, তখন সাকিবই ফিরিয়ে দিয়েছিলেন ৭১ রানে থাকা রহমত শাহকে। ওই দুই ওভারে ৪ রান দিয়েছিলেন মাত্র। আফগানদের ওপর সেটাই ছিল গোটা ইনিংসে বাংলাদেশের প্রথম পাল্টা চাপ। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও ৪৮ রান করেছিলেন সাকিব। ম্যাচের পর রেফারির বিশ্লেষণে তিনিই সেরা। তিনিই নায়ক এই আফগান-জয়ের।
লড়াকু এই জয়ের পর স্বস্তি ধরা পড়েছে মাশরাফির মুখচ্ছবিতে। তবে তিনি কখনোই তৃপ্ত নন। গুনে গুনে চার-চারটি ক্যাচ পড়েছে ম্যাচে। বেশ কিছু খুচরা রান গলেছে ফিল্ডিংয়ে। আর এই তালিকায় কে নেই দলের? ইমরুল ক্যাচ ফসকেছেন শূন্য রানে থাকা শেহজাদের। যিনি কি-না পরে করেন ৩১ রান, রুবেল গলিয়েছেন নুরির ক্যাচ, মাহমুদুল্লাহ রিয়াদ ফেলেছেন শহিদির ক্যাচ। এমনকি মুশফিকের গ্গ্নাভস থেকেও জীবন পেয়েছেন স্ট্যানিকজাই। ক্যাচ পড়ার পর হাত চুলকেছেন সবাই। আসলে টেলিভিশনে ধরা পড়েনি; কিন্তু মিরপুরের প্রেসবক্স থেকে বোঝা যাচ্ছিল শিশিরের মতো বৃষ্টির ফোঁটা পড়েছিল সন্ধ্যার পরপর। পিচ্ছিল মাঠে সে কারণেই এমন ফিল্ডিং- এই অজুহাত অবশ্য পেশাদার ক্রিকেটে খাটে না। ১০ মাস পর ওয়ানডে আর ছয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বলেও ফিল্ডিংয়ের এই জড়তা- এই ব্যাখ্যাও চলবে না। কারণ র‌্যাংকিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ দলের দায়িত্ব যে এখন অনেক বড়।
আফগানিস্তানকে শুরু থেকেই আক্রমণ করতে হবে- এমন একটি থিম নিয়েই এদিন ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। সৌম্যর শূন্য রানে আউট হয়ে যাওয়ায় প্রাথমিক পরিকল্পনায় ধাক্কা লেগেছিল বটে। ওই বলটি পুল খেলার জন্য যথেষ্ট উচ্চতায় ছিল না। তবে সৌম্যর বিদায়ের পরে তামিম আর ইমরুলকে দিয়ে এগোচ্ছিলও বেশ। ফ্লিক, কভার ড্রাইভ, পুল দর্শনীয় সব শট খেলেছিলেন তামিম। ইমরুলও কভার ড্রাইভে নিজের ছন্দ ফিরে পাচ্ছিলেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ তো ছিলেন তুখোড় ফর্মে। তার দু-দুটো ছক্কা মাতিয়ে রেখেছিল মিরপুরকে।
দশ মাস পর ওয়ানডে, তার ওপর আবার মিরপুরের নতুন উইকেট। ঠিক কতটা রান উঠলে নিরাপদ, তা নিয়ে কিছুটা ধন্ধ ছিল। আর সে কারণেই ইনিংসের ১২ থেকে ২১ ওভারে রান রেট শ্লথ ছিল ৩.২০-তে। কিন্তু মাহমুদুল্লাহ চালিয়ে খেলে ৪০ ওভারে দলের রান পেঁৗছে নিয়ে যান ৩ উইকেটে ১৯৬-এ। তামিমের ৮০, ইমরুলের ৩৭, মাহমুদুল্লাহর ৬২ আর সাকিবের ৪৮ রান এই দিয়েই যা পুঁজি। শেষ দশ ওভারে ৬৯ রান তুলতে পড়ে ৯ উইকেট। বাংলাদেশকে অলআউট করেই যেন আনন্দ পায় আফগানরা। এ নিয়ে দু’বার তারা বাংলাদেশকে অলআউট করেছে। তবে আফগান ক্রিকেটের ইতিহাস বলছিল, এর আগে কোনো টেস্টখেলুড়ে দেশের সঙ্গে তারা ২৬৪ রানের বেশি করতে পারেনি।
মাত্র ১ রানে এগিয়ে থাকায় তাই স্বস্তি নয়; বরং টেনশনই কাজ করছিল মাশরাফির। অ্যাকশন শুধরে ফিরে আসা তাসকিনের ওপরই ভরসা রেখেছিলেন তিনি। তাসকিন তার প্রথম ওভারেই সুযোগ তৈরি করেছিলেন; কিন্তু সেটা কাজে আসেনি। এরপর মাশরাফি নিজেই ব্রেক থ্রু দেন আসগরকে মুশফিকের ক্যাচ বানিয়ে। সাকিবও তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারে ২০৭তম উইকেটটি। ৪৬ রানে ২ উইকেট পড়ে যাওয়ায় গমগম করছিল তখন মিরপুরের গ্যালারি।
কিন্তু তার পরই যেন সব অন্ধকারাচ্ছন্ন। বিকেলের গুমোট মেঘ ভারি বর্ষণে ভেঙে না পড়লেও হতাশার কালো মেঘ ঠিকই ঘিরে ধরেছিল। আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রহমত শাহ আর হাসমাতউল্লাহ শহিদির পরিণত ব্যাটিং গোটা স্টেডিয়ামের মুখে যেন কুলুপ এঁটে দেয়। কি তাসকিন, কি রুবেল, কি মাহমুদুল্লাহ_ ভালো বলগুলো থেকে এক-দুই, আর বাজে বল সপাটে বাউন্ডারির বাইরে। মুখ শুকনো হয়ে গিয়েছিল গ্যালারির। পেসারদের বাজে সময়ে অবশ্য স্পিনাররাই যা একটু আশা ধরে রাখেন। সাকিব তার প্রথম স্পেলের ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করেন। পরের ৩ ওভারে দেন ১২ রান। আর শেষের ৩ ওভারের ম্যাজিক স্পেলে মাত্র ৪!
সাকিবের ওই স্পেলেই যেন বাকিরা তাদের বিশ্বাস ফিরে পান। তার সঙ্গে তাইজুল ছিলেন অনবদ্য। নিজের প্রথম স্পেলে টানা সাত ওভার বোলিং করেন তাইজুল, খরচ করেন মাত্র ২৫ রান। ইনিংসের ১৫ থেকে ২৮ ওভার পর্যন্ত তাইজুলের মাপা বোলিং আফগানদের কিছুটা নিয়ন্ত্রণে রাখে। এরপর নিজের শেষ স্পেলে এসে বাকি ৩ ওভারেও বাজিমাত করেন, ১৯ রান দিয়ে তুলে নেন হাসমাতউল্লাহর উইকেটটি।
ঘামে ভেজা শার্ট গায়েই গোটা ম্যাচ ঠাণ্ডা মাথায় ধরে রাখেন অধিনায়ক মাশরাফি। বোলার মাশরাফিও কম ছিলেন না, তাসকিন আর রুবেল যখন ঘাবড়ে গিয়ে কখনও ফুলটস, কখনও হাফভলি দিচ্ছিলেন। তখন মাশরাফি তার অভিজ্ঞতা থেকে কিছু স্লোয়ার, কিছু বাউন্সার ছাড়েন। আর তাতে কাজও হয়। নিজের প্রথম স্পেলেই মাশরাফি ৬ ওভারে ১৯ রান দেন। দ্বিতীয় স্পেলে ওই দুই আফগান ব্যাটসম্যানের সামনে এসেও তিন ওভারে ১৩ রানের বেশি দেননি। নিজের একটি ওভার বাঁচিয়ে ফের আসেন ইনিংসের ৪৬তম ওভারে। আর তখনই আরেকটি উইকেট।
প্রতি ওভার, প্রতিটি বল, প্রতিটি মিনিট-সেকেন্ড- ম্যাচের পালস ধরে ধরে মেপে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর সে কারণেই শেষ হয়েও হয়নি শেষ, হারার আগে হারেনি বাংলাদেশ।

  • [১]