- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রূপালি ঐতিহ্য ইলিশের অব্যাহত উৎপাদন বৃদ্ধি কামনা করি

রসনা বিলাসী বাঙালি ইলিশের স্বাদ ভুলতে বসেছিল। যেখানে বাঙালি পৃথিবীর সেখানেই পদ্মা-মেঘনার ইলিশের বেজায় কদর। ইলিশ ইদানীং আভিজাত্যের প্রতীকেও পরিণত হয়েছে। তবে এর সবই উচ্চবিত্তদের জন্য। ইলিশের দাম এতোটাই আকাশছুঁয়া যার ত্রিসীমানায় ভিড়ে এমন সাধ্য নেই নি¤œবিত্ত-বিত্তহীনদের। সরকার পদ্মা-মেঘনার ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এর মধ্যে প্রজনন মৌসুমে ইলিশ না ধরা, জাটকা ইলিশ না ধরা, বেকার মৌসুমে জেলেদের খোরাকীর জোগান দেয়া ও সচেতনতা কর্মসূচী অন্যতম। এর সুফল মিলেছে এতদিনে এ বছর। ইলিশের উৎপাদন বেড়েছে। ঝাঁকে ঝাঁকে জালে আটকা পড়ছে রূপালি ইলিশ। বিদেশে রপ্তানির পরও দেশের বাজার আসছে প্রচুর। ঢাকার বাজারে এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। এর ছোটগুলো ২০০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে বলেও জানা গেছে। এ অবস্থায় গরিবের জিভ আবারও ইলিশের স্বাদ নিতে মুখিয়ে পড়েছে। আগে যে সময় মহার্ঘ ইলিশ ছিল দুই হাজার টাকা কেজি তখন ওর কাছে যেত না এই অভাগা মানুষগুলো। এখন তারাই পরখ করে দেখছে বাজারের ব্যাগে স্বপ্নের একখানি ইলিশ ভরা যায় কিনা। ঢাকা কিংবা অন্যত্র হয়তো কেউ কেউ পারছেন। কিন্তু সুনামগঞ্জের মৎস্য ব্যবসায়ীরা বোধ করি গরিবের এই আকুতিতে মন গলাতে রাজি নন। তারা আনুপাতিক হারে দাম কমাচ্ছেন না ইলিশের। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি প্রতিবেদনে এরকম হতাশা কয়েক ক্রেতার কথায় উঠে এসেছে। রসনাবিলাসী বাঙালিদের পক্ষ থেকে মৎস্য ব্যবসায়ী ভাইদের প্রতি বিনীত নিবেদন জানাই, অন্তত ইলিশের ব্যাপারে আপনারা লাভের অংক একটুখানি কমিয়ে গরিব মানুষকে এক দুই টুকরা ইলশের স্বাদ নিতে দিন। অস্বচ্ছল এই মানুষগুলো সুস্বাদু ইলিশ ভোজন শেষে তৃপ্তির ঢেকুর তুলে যে দোয়াটুকু আপনাদের জন্য করবেন তার তুল্যমূল্য আর কিছু হতে পারে না।
সরকারকে আমরা সাধুবাদ জানাই ক্রমান্বয়ে উৎপাদন কমতে আসা ইলিশের বংশ রক্ষায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য। ইলিশের এই উৎপাদন বৃদ্ধির ধারাটিকে অব্যাহত রাখতে হবে। জাতীয় দৈনিক প্রথম আলো ও মৎস্য বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিস যৌথ গোলটেবিল করে শনিবার সরকারের প্রতি একই আহ্বান জানিয়েছে। তারা বেশ কিছু সুপারিশমালাও সরকারের কাছে দাখিল করেছেন, অবশ্য এই সুপারিশমালার অনেকগুলোই সরকার গত কয়েক বছর যাবৎ মুন্সিয়ানার সাথে প্রয়োগ করে ইলিশের বংশ বিস্তারে সমর্থ হয়েছেন। ইলিশ বাংলাদেশের অন্যতম অর্থকরী পণ্যও বটে। পশ্চিমবঙ্গসহ বাঙালি অধ্যূষিত সকল অঞ্চলে ইলিশের চাহিদা ব্যাপক। সুতরাং রপ্তানির মাধ্যমে ইলিশ বিক্রি থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
সব কাজেই অংশীজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইলিশের বংশরক্ষায় সর্বাপেক্ষা বেশি ভূমিকা  ইলিশ সংগ্রহে নিয়োজিত জেলে সমাজের। তারা সহায়তা করেছেন বলেই এর উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। টাঙ্গুয়ার হাওরে মৎস্যসম্পদ ধ্বংসের পিছনে অন্যতম কারণ হলো এই অংশীজন অর্থাৎ হাওর পাড়ের হাজার হাজার জেলে পরিবার হাওরের মাছ অবৈধ শিকার করা থেকে বিরত থাকেননি। ফলে টাঙ্গুয়া মৎস্য শূন্য হয়েছে। তাই আমরা যখন ইলিশের উৎপাদন বাড়ানোর বিষয়টি বিবেচনা করব তখন অবশ্যই এর অংশীজন জেলে সম্প্রদায়ের কথাটি মাথায় রেখেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশের রূপালি ঐতিহ্য ইলিশের অব্যাহত উৎপাদন বৃদ্ধি কামনা করি।

  • [১]