স্টাফ রিপোর্টার
শহরের ওয়েজখালী এলাকার বলাকা সিএনজি (গ্যাস) স্টেশনের রেগুলেটরের সিলিং পয়েন্ট টেম্পারিং করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সিলিং পয়েন্ট জব্দ করে এই সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন বলাকা সিএনজি স্টেশনের ম্যানেজার শামীম আহমদ।
জানা যায়,
গত ১২ মার্চ রবিবার থেকে ১৫ মার্চ মঙ্গলবার পর্যন্ত বলাকা সিএনজি স্টেশনে অবৈধভাবে অতিরিক্ত গ্যাস বিক্রি করা হয়েছে। এ ঘটনায় জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা চেয়ে জালালাবাদ গ্যাস সিলেটের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপকের কাছে চিঠি পাঠান। সিলেট থেকে নির্দেশনা আসার পর রবিবার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এর আগে বলাকা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বলাকা সিএনজি গ্যাস স্টেশন কর্তৃপক্ষ মার্চের ১২ তারিখ জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসকে জানান, তাদের মিটারে সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়টি দেখার জন্য জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিস ৩ জন কর্মকর্তাকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি মিটারে কাজ করার সময় মঙ্গলবার বিকালে সিএনজি স্টেশনের রেগুলেটরের সিলিং পয়েন্ট টেম্পারিং করার বিষয়টি দেখতে পান। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক সিলিং পয়েন্ট জব্দ করেন তারা।
বলাকা সিএনজি স্টেশনের ম্যানেজার শামীম আহমদ বলেন,‘মিটার নষ্ট তাই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমরাই জালালাবাদ গ্যাসের লোকজনকে দিয়ে মিটার খোলেছি। রেগুলেটরের সিলিং পয়েন্ট টেম্পারিং বা এধরনের কোন কিছু হয়নি’।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ টেম্পারিং এর বিষয়টি বলছেন কেন, এমন প্রশ্নের জবাবে শামীম আহমদ বলেন, ‘জালালাবাদ কর্তৃপক্ষ এসব কথা কেন বলছেন, তাদের কাছেই জিজ্ঞেস করতে হবে’।
জালালাবাদ গ্যাস সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সুরুজ্জামান বলেন,‘বলাকা সিএনজি স্টেশন কর্তৃপক্ষ গ্যাসের প্রেসার বাড়ানোর জন্য আমাদের না জানিয়ে মিটারের রেগুলেটরের সিলিং পয়েন্ট খোলে ফেলেছিল। আইনত এটা তারা করতে পারেন না। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এটাতে কেউ হাত দিতে পারে না। কিন্তু স্কু ড্রাইভার দিয়ে এটাতে তারা কাজ করেছেন। তাই সিলিং পয়েন্ট জব্দ করে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে সিলেটের আঞ্চলিক কার্যালয়ে চিঠি লিখা হয়েছে। নির্দেশনা আসার পর আগামী রবিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এজন্য জরিমানাও হতে পারে।