সিলেট-ছাতক-সুনামগঞ্জ অথবা মোহনগঞ্জ-ধর্মপাশা-সুনামগঞ্জ রেললাইন স্থাপনে উদ্যোগহীনতা নিয়ে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে যে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি এই এলাকার জনগণের জন্য একটি মৌলিক বিষয়। মূলত জেলা শহরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার জনদাবি বহু পুরাতন এবং অতীতে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে বহু ব্যক্তি এটি বাস্তবায়নের জন্য নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তসহ জেলার বর্তমান সংসদ সদস্যগণ, সুনামগঞ্জের সুসন্তান পিএসসি চেয়ারম্যান ড. সাদিকসহ অনেকেই সুযোগ মতো সংসদে, মন্ত্রণালয়ে এই দাবি জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এই দাবির পক্ষে নীতিগত সমর্থনও অদ্যবধি জানানো হয়নি। ফলে জেলা শহরে রেললাইন সম্প্রসারণের বিষয়ে কারও উদ্যোগই এখন পর্যন্ত সেই অর্থে সফলতার মুখ দেখেনি। কিন্তু আমরা আশাবাদী মানুষ হিসেবে বিশ্বাস করতে চাই জনগণের জন্য প্রয়োজনীয় একটি দাবিকে বেশি দিন উপেক্ষা করে রাখা যাবে না। সরকারকে একসময় এই দাবির পক্ষেই সহানুভূতিশীল মনোভাব নিয়ে দাঁড়াতে হবে। তাই আমরা মাঝে মধ্যেই জনসমক্ষে বিষয়টি নিয়ে আসছি, আসতেই থাকবো।
গণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথের চাইতে রেলপথের কার্যকারিতা বিশ্বব্যাপী প্রশংসিত ও প্রমাণিত। সড়ক পথের তুলনায় নির্মাণ ব্যয়, ভূমি ব্যবহার, রক্ষণাবেক্ষণ খরচ, যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা, দুর্ঘটনার ঝুঁকি সবকিছুই রেলপথে প্রায় ছয়গুণ কম। রেলপথে ভ্রমণ আরামদায়ক ও সাশ্রয়ী। এরকম একটি গণমুখী পরিবহন ব্যবস্থাকে কেন আমাদের দেশে অকার্যকর করে রাখা হয়েছে তা বিশ্লেষণ করলে ভয়াবহ পূঁজিবাদী শোষণের চিত্র সামনে চলে আসবে। বেরিয়ে আসবে সড়ক পথের পরিবহন ব্যবসায়ীদের স্বরূপ। গত ঈদের মৌশুমে সড়ক দুর্ঘটনায় কয়েক শ’ মানুষের মৃত্যু, প্রতিদিন দেশের আনাচে-কানাচে অহরহ দুর্ঘটনায় মৃত্যু-পঙ্গুত্ববরণের পরিসংখ্যান বিশ্লেষণ করলে যে কেউ সড়কপথের উপর চাপ কমানোর তাগিদ অনুভব করবেন। আমরা হয়তো আমাদের স্বার্থের দিকটি বিবেচনা করে জেলা শহরে রেললাইন সম্প্রসারণের বিষয়টি তুলে ধরছি। কিন্তু শুধু এটুকুই নয়, সারা দেশেই রেলনেটওয়ার্ককে ব্যাপকভাবে বিস্তৃত করা আবশ্যক। আমরা গণপরিবহন ব্যবস্থাপনায় বর্তমান নীতির পরিবর্তন কামনা করি সরকারি উচ্চ পর্যায়ে।
রেললাইনের ব্যাপারে সুনামগঞ্জের সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে। নিজেদের দাবির জানান দিতে হবে দায়িত্বশীল মহলের নিকট। আমরা জানি বর্তমান সরকার প্রধান সর্বক্ষেত্রে গণমুখী নীতিমালার প্রসার করতে আন্তরিক। তাঁর নানা পদক্ষেপ এর উৎকৃষ্ট উদাহরণ। আমাদের এই দাবির বিষয়টিও সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে। পথে জনগণ আর ভবনে জনপ্রতিনিধিরা যদি উপযুক্ত উপায়ে চেষ্টা করেন তাহলে আমাদের বিশ্বাস ধর্মপাশা বা ছাতক হয়ে জাতীয় রেলপথের সাথে সংযোগ স্থাপনের মতো ছোট্ট একটি প্রকল্প বাস্তবায়ন করা কঠিন কোন কাজ হবে না। জনস্বার্থে জনপ্রতিনিধিগণ ও অন্যান্য বিশিষ্ট জনদের এবার অপরাপর দাবির সাথে রেললাইন স্থাপনের দাবিটি নিয়মিত উত্থাপন করে যেতে হবে।