ছাতক প্রতিনিধি
ছাতকে রেলওয়ে কলোনীতে অবৈধভাবে বসবাসকারী করা বাসা-বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানি সাপ্লায়ের সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রেলওয়ের নির্বাহী প্রকৌশলী কাজী হাবিব উল্লাহ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস করা ১৯টি বাসার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান সংযোগ বিচ্ছিন্নকরণসহ দখলদারদের বাসা ছাড়ার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতক রেলওয়ের এসব সরকারী বাসা-বাড়ি অবৈধ দখলদাররা বসবাসের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহার করে আসছিল। অভিযানে রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফোরম্যান মাহবুবুল আলমসহ ছাতক থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।
রেলওয়ে নির্বাহী প্রকৌশলী কাজী হাবিব উল্লাহ খান জানান, রেলওয়ের বাসা-বাড়িতে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ, গ্যাস ও পানি সাপ্লায়ের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সকল বসবাসবাসকারীকে বাসা ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।