- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেল সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণা-সুনামগঞ্জবাসীর মনে আশার সঞ্চার

বিন্দু তালুকদার
‘দুর্গম এলাকাসহ দেশের সব জেলাতেই রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। উন্নত দেশের মতো অদূর ভবিষ্যতে এ দেশেও বুলেট ও পাতাল ট্রেন চলবে’ শনিবার ঢাকা-চট্টগ্রাম রুটে দ্বিতীয় বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণায় শিল্পনগরী ছাতক থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের বিষয়ে আশার বাণী শুনতে পেলো সুনামগঞ্জবাসী।
জানা যায়, ছাতক থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। দিরাই-শাল্লার প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত রেলমন্ত্রী হওয়ার পর সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশনের সংবর্ধনা সভায় ঘোষণা দিয়েছিলেন ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করবেন। ওই সভায় ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিলে বিনা পয়সার সরকারকে জমি দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। কিন্তু মন্ত্রীর ব্যক্তিগত সহকারি ওমর ফারুক তালুকদারের অর্থ কেলেংকারীর ঘটনায় মন্ত্রীত্ব থেকে সুরঞ্জিত সেন গুপ্তের অব্যাহতির পর রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ মুখ থুবরে পরে।
গেল বছর সুনামগঞ্জের কৃতি সন্তান সাবেক সচিব  বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক ছাতক থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে আধা সরকারি অনুরোধপত্র (ডিও লেটার) পাঠান।  
পৃথকভাবে রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি মোহনগঞ্জ থেকে ধর্মপাশা মধ্যনগর ও বংশিকুন্ডা হয়ে সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর পশ্চিম তীর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের চেষ্টা করছেন।
এদিকে ড. মোহাম্মদ সাদিকের ডিও লেটার প্রদানের পর ছাতক-সুনামগঞ্জ রেলপথ সম্প্রসারণের জন্য প্রচেষ্টা শুরু করেন সুনামগঞ্জ সদরের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এনিয়ে তিনি জাতীয় সংসদে কথা বলেন এবং রেলমন্ত্রী মজিবুল হকের সাথে সাক্ষাত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
এদিকে বেশ কয়েকমাস আগে ছাতক থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ সরকারিভাবে নেয়ার দাবি জানিয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় প্রস্তাব করেছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নিজেই। সভায় উপস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীকসহ সবাই জেলা প্রশাসকের এই দাবিকে সমর্থন করেন। সভায় রেল লাইন সম্প্রসারণের দাবি সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়। পরে জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘আমরা চাই ছাতক থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেল লাইন দ্রুত সম্প্রসারণ করা হোক। জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্ত আমরা রেলপথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দুর্গম এলাকাসহ দেশের সব জেলাতেই রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছেন। আমাদের আশা সুনামগঞ্জে রেল লাইন সম্প্রসারণের কাজটিও খুব দ্রুতই হবে।’
সুনামগঞ্জ সদরের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,‘বার বার জাতীয় রাজনীতি ও মন্ত্রীত্বে আমাদের সুনাগঞ্জের লোকজন অধিষ্ঠিত ছিলেন। কিন্তু আমাদের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। আরো আগেই উচিত ছিল ছাতক থেকে জেলা সদর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের। রেল লাইন সম্প্রসারণের জন্য আমি গত ২০ জুন জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় দাবি উত্থাপন করেছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে সাক্ষাত করে কথা বলেছি। আমাদের দাবি এই রেল লাইনটি সম্প্রসারণে জরুরী ভিত্তিতে কাজ শুরু করা হোক।’

  • [১]