বিন্দু তালুকদার
অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে গত বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধান, চারা ও বীজতলার ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। তবে পরবর্তীতে আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় ও ফলন ভাল হওয়ায় কৃষকরা খুশি। যদি অনেকেই ক্ষয়-ক্ষতি পুষিয়ে সঠিক সময়ে ধান চাষ করতে পারেন নি।
এদিকে লক্ষ্যমাত্রার চেয়ে ফসল অনেক ভাল হলেও সরকারিভাবে আমন ধান ক্রয় হবে কি না তা জানতে পারেননি কৃষকরা। আমন ধান ক্রয় নিয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোন নির্দেশনা জারি হয় নি। ধান ক্রয় করা হবে কিনা তার কোন তথ্য নেই জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। তবে প্রতিবছরই আমন ধানের আতপ ও সেদ্ধ চাল সরকারিভাবে কেনা হয়।
জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের দাবি, চলতি রোপা আমন মৌসুমে চাষাবাদ যোগ্য জমির লক্ষ্যমাত্রা ছিল ৪৭ হাজার ৩৫৭ হেক্টর। কিন্তু কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধান চাষাবাদ করা হয়েছে ৬৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১০ হাজার মে.টন। যার বাজার দাম ধরা হয়েছিল ৩২৫ কোট টাকা, কিন্তু চাষাবাদ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী জমিতে চাষ হওয়ায় এবার ফসল উৎপাদন হবে ১ লাখ ৭০ হাজার মে.টন। যার বাজার দাম ৫৪১ কোটি টাকা।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের কৃষক বকুল
চন্দ্র দাস (৬২) বলেন,‘ এবার আবহাওয়া ভাল ও সময়মত বৃষ্টি হওয়ায় থাকায় ধান ভাল হয়েছে। আমন ধানে কোন ধরনের পোকার আক্রমণ হয়নি। সামনে কোন দুর্যোগ না হলে ভাল ধান হাওর থেকে তোলা যাবে।’
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের জঙ্গলশ্রী গ্রামের কৃষক আব্দুল মতলিব (৭০) বলেন,‘ আমরার বাপ-দাদার আমল থাইক্কাই আমন ধান করতাছি। অনেক বছর ধান ভালা হয়, আবার মাঝে মাঝে খারাপও অয়। তবে এইবার আমন ধান অনেক ভালা অইছে। কিয়ারও ১০-১৫ মণ দরে ধান অইব। তবে আমার এই বয়সে অখনও হুনছি না সরকার আমন ধান গিরস্তর কাছ থাকি কিনছে। ’
সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কাঠইর গ্রামের কৃষক আবুল কালাম বলেন,‘ এই বছর আমন ধানের ভাল ফলন হয়েছে। ধান আস্তে আস্তে কাটা শুরু হয়েছে। সুনামগঞ্জে সরকারিভাবে কৃষকদের কাছ কোন সময়ই আমন ধান কেনা হয়েছে বলে আমি শুনিনি। যদি সরকারিভাবে আমন ধান কেনা হতো তাহলে আমাকে লাভ হত। কারণ গ্রামে আমন ধান বিক্রি হয় ৬-৭’শ টাকা মণ ধরে। কিন্তু সরকারিভাবে কিনলে ধানের দাম হতো ৯২০ টাকা।’
জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘এই বছর সুনামগঞ্জে রোপা আমন ধান অনেক ভাল উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী চাষাবাদ করা হয়েছে এবং ফসলের উৎপাদন অনেক ভাল হয়েছে। এখন পর্যন্ত ধানে কোন ধরনের রোগ বালাই দেখা দেয়নি। ইতোমধ্যে জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। চলতি নভেম্বর মাসে জেলা জুরে পুরোদমে ধান কাটা শুরু হবে। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। রোপা আমন ধানের ফলনে কৃষকরা অনেক খুশি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বলেন,‘ প্রতি বছরই সরকারিভাবে আমন ধানের আতপ ও সেদ্ধ চাল ক্রয় করা হয়। তবে এসব চাল মিল মালিকদের কাছ থেকেই কেনা হয়। এই বছরেও আগামী ডিসেম্বর মাস থেকে এই কর্মসূচি চালু হতে পারে। আমন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ক্রয় হবে কিনা তা নিয়ে কোন নির্দেশনা পাওয়া যায় নি।’ তিনি আরো বলেন,‘ আমন ধান সাধারণত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয় না। এবার ধান ক্রয় করা হবে কিনা তা এখনই বলা যাবে না। হতে পারে আবার নাও হতে পারে।’