- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়ে সন্দিহান বিএনপি

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার রোহিঙ্গা সঙ্কট সমাধান করতে পারবে না বলে মনে করে বিএনপি; এক্ষেত্রে ‘কূটনৈতিক ব্যর্থতা’কে কারণ দেখাচ্ছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “সরকার যেভাবে কূটনৈতিক ব্যর্থতার প্রমাণ দিয়েছে, তাতে তাদের পক্ষে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব হবে, এ নিয়ে আমরা সন্দিহান।” শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি নেতার এই বক্তব্য দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর থেকে ফিরে বলেন, রোহিঙ্গা সঙ্কটে আন্তর্জাতিক মনোযোগ সরকারের ভূমিকার কারণেই পড়েছে।
এবার রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলতে দেরির জন্য সরকারের সমালোচনা করে আসা বিএনপি রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর উপর জোর দিচ্ছে।
মোশাররফ বলেন, জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী অন্য দেশগুলোকে পক্ষে এনে মিয়ানমারকে চাপ দিতে পারেননি।
“রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিকভাবে সম্পূর্ণ একা। চীন বাংলাদেশের পাশে নাই, রাশিয়া পাশে নাই, আমেরিকা পাশে নাই এমনকি ভারতও বাংলাদেশের পাশে নাই।”
জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা‘র উদ্যোগে ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মোশাররফ প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি নিয়েও কথা বলেন।
তিনি বলেন, “তিনি (প্রধান বিচারপতি) অসুস্থ নন, তিনি সুস্থ। ঢাকেশ্বরী মন্দিরে তার যাওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাকে জোর করে ছুটি দেওয়া হয়েছে।”
সরকার আদালতের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির উপর খড়গহস্ত হয়েছে বলে দাবি করেন মোশাররফ।
“যেদিন তাকে জোর করে ছুটিতে পাঠানো হল, সেদিন তিনি অফিসে বসেছেন। তার দস্তখতে বেঞ্চ গঠন হয়েছে।
“তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সভা করেছেন। দুপুরের পরেই তিনি অসুস্থ হয়ে গেলেন, ছুটিতে যেতে হবে-এটা কেউ বিশ্বাস করে নাই।”
জাগপা সভাপতি রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, তাসমিয়া প্রধান, আবু মো. আনাছ, আসাদুর রহমান খান, শেখ জামালউদ্দিন বক্তব্য রাখেন।

  • [১]