- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

র‌্যাবের কারণেই সন্ত্রাস ও জঙ্গীবাদ কমেছে- পররাষ্ট্রমন্ত্রী

দিরাই প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, র‌্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ, তারা খুব ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট, করাপ্ট নয়। এজন্যই জনগণের আস্থা তারা অর্জন করেছে। তাদের কারণেই দেশে সন্ত্রাসী কমেছে। হলি আর্টিজেনের পর গত কয়েক বছরে দেশে আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। ইউএস স্টেট ডিপার্টমেন্টও তা স্বীকার করেছে। যারা আইন শৃঙ্খলা ভালো দেখতে চায় না, যারা সন্ত্রাস পছন্দ করে, কিংবা অন্য ধরণের ড্রাগ পছন্দ করে, এরাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ র‌্যাব তাদের বিরুদ্ধে কাজ করে। এটা খুবই দুঃখজনক।
শুক্রবার দুপুরে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন জেডআই ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিরাই উপজেলার নগদিপুর ছয়হাড়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা, সৈয়দ মনোহর আলী আটগ্রাম কলেজ, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শন কালে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা র‌্যাবের সমালোচনা করেনে, তারা হয়তো এক তরফা তথ্য পেয়েছেন, আমরা হয়তো ঠিক মতো তাদের জানাতে পারি নি। যারা র‌্যাবকে পছন্দ করে না, তারাই তথ্য সরবরাহ করেছে। তিনি বলেন, সব দেশেই লএন্ডফোর্সিং এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। আগে বেশি ছিলো, এখন কম হচ্ছে। যখনই একটা মৃত্যু হয়, জুডিসিয়ালি সেটি তদন্ত হয়।
আপনারা জানেন, দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিলো সেগুলো জুডিসিয়াল প্রসেসে বিচার হয়েছে। র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও বৃট্রিশরা, তারা প্রশিক্ষণ দিয়েছে। ইউএসএ এই তাদের শিখিয়েছে রুলস এন্ড এনগেজমেন্ট। কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারোগেশন। এগুলো সবই শিখিয়েছে আমেরিকা।
তাদের যদি রুলস অব এনগেজমেন্টে কোনো দুর্বলতা থাকে, এই রুলস অব এনগেজমেন্টে যদি কোনো হিউম্যান রাইটস ভায়ালেন্ট হয়, অবশ্যই সেখানে নতুন করে ট্রেনিং হবে। কিন্তু হঠাৎ করে যে সেংশনগুলো দেয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইড নয়।
ওরা বলেছে, গত ১০ বছরে ছয়শ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতিবছর একলাখ মিসিং হয়, তো এর দায়দায়িত্ব কে নেবে? আমাদের দেশে মিসিং যারা হয়, পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে। আমরা শোনে আসছিলাম বিএনপি নেতা হারিস চৌধুরী মিসিং, এখন জানি উনি দেশেই ছিলেন। মৌলভী সেজে তাবলীগ করতেন, গত বছরের সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন। এ ধরণের অনেক কাহিনী আমরা শুনি। হঠাৎ হঠাৎ করে বের হয়। আর এসব তথ্য যাচাই বাছাই না করে, বড় বড় বিদেশী লোক না জেনে অভিযোগ করে।
তিনি বলেন, যারা র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের আহবান করি, আসেন, দেখেন, লোকজনের সাথে কথা বলেন, সত্য ঘটনা উদঘাটন করেন। তারপর সিদ্ধান্ত নেবেন।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এর সহধর্মিণী, যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা কমিটির সদস্য পল ব্রিস্টো এমপি, সুনামগঞ্জ- সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, কমনওয়েলথ এন্টারপ্রাইজের সিইও এবং বিনিয়োগ কাউন্সিলর সামান্তা কোহেন ও টম হান্ট এমপি, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিল্লুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, লুতফুর রহমান এওয়ার মিয়া প্রমুখ।

  • [১]