- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লক্ষণশ্রী, সদর উন্নয়ন নিয়ে প্রশ্ন জনগণের

আকরাম উদ্দিন
ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ইতিমধ্যে লক্ষণশ্রী ইউনিয়নেও শুরু হয়েছে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের নানা কৌশল। এলাকার ভোটাররা বিগত সময়ে নির্বাচিত প্রার্থীদের দেওয়া উন্নয়ন প্রতিশ্র“তির বাস্তবায়ন নিয়ে কঠোর হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন তাঁদের স্বস্ব এলাকায়।
বিভিন্ন এলাকার ভোটাররা জানান, এই ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ছাড়াই বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ নির্বাচিত হয়েছেন। ১৪টি গ্রাম নিয়ে গঠিত লক্ষণশ্রী ইউনিয়নে রয়েছে প্রায় ২৫ হাজার জনগণের বসবাস। ভোটার রয়েছেন ১০ হাজার।
লক্ষণশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন ইউনিয়ন এলাকায়। এবার এই ইউনিয়নে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে দলের একাধিক প্রার্থী প্রচারণায় জড়িয়ে পড়েছেন। এলাকার ভোটার কেউ কেউ বলছেন, ইউপি নির্বাচনে ভোট প্রদানে এবারও দলীয় নয়, প্রার্থী পছন্দে ভোট দেবেন তাঁরা। গত নির্বাচনে যেমন ভোটাররা নির্দলীয় ভোট দিয়েছেন প্রার্থী পছন্দ করে। এবারও এমন মত প্রকাশ করেছেন ইউনিয়নের একাধিক ভোটার।
বাহাদুরপুর গ্রামের শফিকুন নুর জানান, গত নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি। এলাকার উন্নয়ন বিষয়ে হবতপুর গ্রামের আলী আহমদ জানান, আমাদের এলাকায় নলকূপের সমস্যা রয়েছে। হবতপুর গ্রামের দক্ষিণের রাস্তার সামান্য সংস্কার কাজ বাকী রয়েছে। তবে এই সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ থেকে আশ্বাস দেয়া হয়েছে। জানিগাঁও গ্রামের ভোটার শাহাব উদ্দিন জানান, বর্তমান সময়ে সিলেট-সুনামগঞ্জ রোড থেকে এই গ্রামের বাসিন্দা জেবেদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার হলেও হাওরপাড় পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ বাকী রয়েছে। একই এলাকার ভোটার আবদুল খালিক জানান, সালে নুর মিয়ার বাড়ি থেকে পুরাতন রাস্তার শেষ মাথায় আরও মাটি ভরাটের কাজ বাকী রয়েছে। এলাকায় রয়েছে নলকূপ সংকট। রাবারবাড়ি লতিফ শাহ’র মোকাম হতে নদীরপাড় পর্যন্ত মাটি ভরাট হলেও  রাস্তা পাকাকরণের বাকী রয়েছে। আরফান মিয়ার বাড়ির সামনে হতে বরুণ শীলের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও পাকাকরণের হয়নি। ইসলামপুর গ্রামের লোকজন জানান, ইসলামপুর গ্রামের আবাসিক রাস্তার উন্নয়ন কাজ হয়নি। একই গ্রামের মো. সফর আলী, মো. জয়নাল আবেদীনসহ আরও অনেকেই জানান, নির্বাচনী প্রচারণায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল ওয়াদুদ, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বহলুল বখতের প্রচার রয়েছে বেশি। এলাকার ভোটার বেলা বেগম জানান, আমরা বর্তমানে যেমনই সেবা পাচ্ছি, তা অন্য সময়ের তুলনায় অনেকটাই ভাল পাচ্ছি।
এলাকার অনেকেই ৮ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কথা জানালেও মাঠ পর্যায়ে প্রচারণায় নেই তাঁরা।
ইউনিয়নের রাবার বাড়ি গ্রামের ভোটার আছদ্দর আলী বলেন, ‘আমরা নির্বাচনের সময় প্রার্থী যাচাই করে ভোট দেই। আমাদের এলাকা উন্নয়ন অবহেলিত। এখনও অনেক রাস্তা-ঘাট অবহেলিত রয়েছে। এবারও যাতে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাটের বেশি উন্নয়ন হয়, ভাল প্রার্থী দেখে আমরা ভোট দেব।’
জানিগাঁও গ্রামের ভোটার আজিজুল হক বলেন, দআমরা গতবারও প্রার্থী যাচাই করে ভোট দিয়েছি। এবার দলীয় নির্বাচনে চিন্তা করে ভোট দেবো।’
ইসলামপুর গ্রামের ভোটার শাহারাজ মিয়া বলেন, ‘এলাকার রাস্তা-ঘাটের তেমন উন্নয়ন হয়নি। এবার ভাল প্রার্থী দেখে ভোট দেবো।’
ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, ‘আমার জানা মতে ইউনিয়নের সকল এলাকায় রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়ন হয়েছে। বয়স্ক ভাতার কার্ড বণ্টনেও কোনো সমস্যা হয়নি। ভাতার কার্ড বণ্টনে কোনো টাকা-পয়সার লেন দেন হয়নি এই ইউনিয়নে।’
আ’লীগের প্রার্থী বহলুল বখ্ত বলেন, ‘আমি আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসাবে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই ইউনিয়নের দলীয় মনোনয়ন পেতে শুধু আমার নামই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে। আমি মনে করি ইউনিয়নের জনগণ আমাকে ভালবাসেন, আমিও ভালবাসি জনগণকে। আমি বিশ্বাস করি তাঁরা আমাকে দলীয় প্রার্থী হিসাবে ভোট দেবেন।’
বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিই মনোনয়ন পাবো। গত পাঁচ বছরে ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়ন করেছি। ইউনিয়নে আরো উন্নয়ন কাজ বাকী আছে। আমি ইউনিয়নবাসীর পাশে থেকে আবাসিক রাস্তা-ঘাটের উন্নয়ন করে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই।’

  • [১]