- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লক্ষমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সরকারী ধান সংগ্রহের দর ও বর্তমান বাজার দর সমান হওয়ায় তাহিরপুর উপজেলা খাদ্য গোদামের ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। চলতি বোর মৌসুমে তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ২ হাজার ৭শত’ ৬৯ মেট্রিক টন বোর ধান সংগ্রহের বরাদ্দ আসে। ধান সংগ্রহের সর্বশেষ সময় বেঁধে দেয়া হয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এতে সময় রয়েছে আর মাত্র ১০ দিন। তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, শুক্রবার পর্যন্ত তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ধান সংগ্রহ করা হয়েছে ১২৫৫ মেট্রিক টন। লক্ষমাত্রা অর্জনে বাকী রয়েছে ১৫’শ১৪ মেট্রিক টন।
তিনি আরো জানান, প্রতিমণ ধানের সরকারি মূল্য ধরা হয়েছে ১হাজার ৪০ টাকা অপরদিকে স্থানীয়ভাবে কৃষকরা ফরিয়া ব্যবসায়ীদের নিকট ১ হাজার ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছে। এজন্যই ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, বর্তমানে ধানের বাজার দর ১ হাজার ৩০ থেকে ১হাজার ৪০ টাকা। সরকার ধানের দর নির্ধারন করেছেন প্রতি মণ ১ হাজার ৪০ টাকা। বাজার দর ও খাদ্য গোদামের দর একই হওয়ায় কৃষকরা অনেকটা বাধ্য হয়েই ফরিয়া ব্যবসায়ীদের নিকট ধান বিক্রি করছে। উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মারালা গ্রামের কৃষক ও ইউপি সদস্য মিয়া হোসেন বলেন, সরকার ধান ক্রয়ের নির্ধরিত মুল্য থেকে আরো একশত টাকা বৃদ্ধি করে অর্থাৎ প্রতি মণ ১১৪০ টাকা করলে উপজেলা খাদ্য গোদামে ধান ক্রয় করা সম্ভব হতো এবং সরকারী লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হতো।
তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ধানের বাজার মূল্য আর সরকারি মূল্য এক হওয়ার কারণে কৃষকরা খাদ্য গোমে ধান দিতে আগ্রহ হারাচ্ছেন।

  • [১]