- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডন প্রতিনিধি
আমেরিকা থেকে দেশে ফেরার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে তিনি ৩ দিন অবস্থান করবেন।
লন্ডনস্থ বাংলাদেশ মিশন জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার লন্ডন সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টা) হিথরো বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে  আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা সমবেত হন।  প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে বরণ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লন্ডনের সেবওয়ে হোটেলে। লন্ডনে অবস্থানকালীন সময় তিনি এই হোটেলেই অবস্থান করবেন। বৃটেনে অবস্থানকালীন সময় তিনি পরিবারের সাথে সময় কাটানো ছাড়াও দলীয়  নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে তার প্রেস সচিব সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।  জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের পথে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা দেন। জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তাঁর দেশের পথে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় পিত্তথলির পাথর।
ইহসানুল করিম জানান, অসুস্থতার কারণে ফেরার তারিখ পেছালেও প্রধানমন্ত্রী ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অনলাইনে ‘গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ’ সেরেছেন।

  • [১]