- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লিঙ্গ বৈষম্য ঘোচাতে বড় অগ্রগতি

সু.খবর ডেস্ক
অধিকার আর অংশগ্রহণের প্রশ্নে নারী পুরুষের ব্যবধান ঘোচানোর ক্ষেত্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সূচকে এক বছরে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। ডব্লিউইএফ-এর ২০১৭ সালের ‘গোবাল জেন্ডার গ্যাপ’ প্রতিবেদনে বাংলাদেশ ২৫ ধাপ এগিয়ে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে ৪৭ নম্বরে উঠে এসেছে। গতবছর এই তালিকায় বাংলাদেশ ৭২ নম্বরে ছিল। আর ২০০৬ সালে ছিল ১১৫টি দেশের মধ্যে ৯১তম অবস্থানে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের এই লিঙ্গ সমতা সূচক প্রকাশ করে আসছে ২০০৬ সাল থেকে। অর্থনীতিতে অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবাপ্রাপ্তি এবং রাজনৈতিক ক্ষমতায়ন- এই চার মাপকাঠিতে নারী-পুরুষের বৈষম্য বিবেচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়। সূচকে একটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ ভিত্তিক স্কেলে, যেখানে ১ মানে হল পুরো সম অধিকার, আর শূন্য মানে পুরোপুরি অধিকার বঞ্চিত। এই হিসাবে বাংলাদেশের মোট স্কোর এবার ০.৭৯১, যা গতবছর ছিল ০.৬৯৮। ২০০৬ সালে ছিল ০.৬২৭। এই সূচকে টানা নবমবারের     মত শীর্ষে অবস্থান করছে আইসল্যান্ড, দেশটির স্কোর ০.৮৭৮। আর ‘সবচেয়ে বেশি বৈষম্যের’ দেশ ইয়েমেনের স্কোর ০.৫১৬।
শীর্ষ দশের বাকি নয় দেশ হল নরওয়ে, ফিনল্যান্ড, রুয়ান্ডা, সুইডেন, নিকারাগুয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং ফিলিপাইন। এ তালিকায় সবার নিচে অর্থাৎ ১৪৪তম অবস্থানে রয়েছে ইয়েমেন।
দক্ষিণ এশিয়ায় গতবছরের শীর্ষ অবস্থান এবারও ধরে রেখেছে বাংলাদেশ। এই তালিকায় মালদ্বীপ ১০৬, ভারত ১০৮, শ্রীলঙ্কা ১০৯, নেপাল ১১১, ভুটান ১২৪ এবং পাকিস্তান ১৪৩তম স্থানে রয়েছে।
উন্নত দেশগুলোর তুলনায় অনেক দিক দিয়ে পিছিয়ে থাকলেও লিঙ্গ সমতায় যুক্তরাষ্ট্র (৪৯), রাশিয়া (৭১) ও চীনের (১০০) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
গতবারের মত এবারও রাজনীতিতে নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের আইনসভায় ক্ষমতাসীন দলের প্রধান, বিরোধী দলীয় প্রধান ও সংসদের স্পিকার- এই তিন শীর্ষ পদে নারীরাই নেতৃত্ব দিচ্ছেন।    

  • [১]