স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন,‘সকল শিক্ষার্থীকেই লেখা-পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলায় মন ও শরীর দু’টোই ভাল থাকে। খেলাধুলার মাধ্যমে দেশ-বিদেশে সম্মান অর্জন করা সম্ভব। ’
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে বিদ্যালয় মাঠে মশাল জ্বালিয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে অতিথিদের নিয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইছমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আয়ূব বখত জগলুল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন প্রমুখ।