- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

লড়াইয়ে শামিল শিক্ষার্থীরাও

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে ফসলরক্ষা বাঁধ মেরামতের ফলে স্থানীয় মেঘনা হাওরের ২৫ হেক্টর জমির কাঁচা ধান রক্ষা পেয়েছে। মেঘনা হাওরের বাঁধে গত মঙ্গলবার রাতে ফাটল দেখা দিলে উদ্বিগ্ন হয়ে পড়েন কৃষকেরা। বিষয়টি জানাজানি হলে বুধবার সকাল থেকে স্থানীয় কৃষকের পাশাপাশি ওই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী বাঁধ মেরামতের কাজে অংশগ্রহণ করে হাওরের কাঁচা ধান রক্ষা করে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে ভাবছেন স্থানীয়রা। মেঘনা হাওরে প্রায় ৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ইতোমধ্যে ৫ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। অবশিষ্ট ধান পাকতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে।
মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ধর্মপাশা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্মল সরকার বলেন, ‘চোখের সামনে বাঁধ ভেঙে সোনার ফসল তলিয়ে যাবে সেটি কোনোভাবেই সহ্য করা যায় না। তাই স্কাউটের শিক্ষার্থীরাসহ আমরা শিক্ষকরা বাঁধ মেরামত কাজে অংশ নিয়েছি।’
মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, ‘মেঘনা হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে গৌরাবান্বিত করেছে।’
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘হাওরে এখন বিপর্যয় চলছে। এই বিপর্যয় মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। শিক্ষক-শিক্ষার্থীরা এতে সাড়া দিয়ে একটি মহৎ কাজ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।’

  • [১]