- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শক্তিয়ারখলায় ব্যবসায়ীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
গ্রাম্য পূর্ব বিরোধের জের ধরে বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা গ্রামের সুনীল দাস (৪০) নামের এক বালি-পাথর ব্যবসায়ীকে একই গ্রামের প্রতিপক্ষরা ডেকে নিয়ে বেঁধে মারধর, গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সুনীল দাস গ্রামের উপেন্দ্র দাসের ছেলে। রবিবার রাত ১০ টায় গ্রামের সিরাজপুর পাড়ার মনির খানের বাড়ির দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বম্ভরপুর থানার পুলিশ।           আহত সুনীল দাসকে রাতেই বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন সুনামগঞ্জ চিকিৎসাধীন আছেন। সুনীল দাসের স্বজনরা জানিয়েছেন, টাকা ছিনতাই ও মারধরকারীরা রশি দিয়ে সুনীল দাসের গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। তার গলায় রশি বাঁধার কালো দাগ রয়েছে। পাশের বাড়ির লোকজন এগিয়ে না গেলে তাকে মেরে ফেলা হত।
ঘটনার সাথে জড়িত গ্রামের মনিন্দ্র দেবনাথ, রাকেস দেবনাথ, রিপন দেবনাথ, সঞ্জয় দেবনাথ, রুবেল দেবনাথ, সুষেণ দেবনাথসহ ৮ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত ১০ টায় শক্তিয়ারখলা গ্রামের রাকেশ দেবনাথ ব্যবসায়ী সুনীল দাসকে গ্রামের বাজার থেকে ডেকে গ্রামের সিরাজপাড়া মনির খানের বাড়ির কাছে নেয়। পরে সবাই মিলে রশি দিয়ে সুনীল দাসের হাত-পা বেঁধে মারধর করে এবং মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার ছিনিয়ে নেয়। চিৎকার শুনে পাশের বাড়ির মনির খান এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মনির খানসহ স্থানীয়রা আহত সুনীল দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  
সুনীল দাসকে মারধর ও রশি দিয়ে বাঁধার ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বম্ভরপুর থানার ওসি মনির হোসেন বলেন,‘ খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ব্যবসায়ীকে মারধর করার পরে রশি দিয়ে বাঁধা হয়েছিল এটা সঠিক। তবে টাকা ছিনতাই হয়েছে কিনা তদন্ত ছাড়া বলা যাবে না। লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ঘটনার তদন্ত চলছে।’  

  • [১]