শততম টেস্টে বিজয় অর্জন করে বাংলাদেশ এক অন্যরকম উচ্চতায় পৌঁছে গেল। এই জয় এসেছে মহান স্বাধীনতা যুদ্ধ ঘোষণার অমর স্মৃতিবাহী মার্চ মাসে। শততম বিজয় আর স্বাধীনতার মাস মিলে সুদূর শ্রীলংকার মাঠে লাল-সবুজের যে পতাকা বাতাসে আন্দোলিত হলো তার মহিমা অন্যরকম ব্যঞ্জনায় মহিমান্বিত। এমন মহিমান্বিত জয়ে টাইগারদের আমাদের টুপিখোলা অভিনন্দন জানাই। এবারের ক্রিকেট মৌশুম শুরু হয়েছিলো ব্যর্থতা দিয়ে। নিউজিল্যান্ড ও ভারত সফরে টাইগাররা বার বার জয়ের বন্দরের কাছাকাছি গিয়েও ঠিকঠাক ফিনিশিং টাচ দিতে না পারায় প্রত্যাশিত জয়কে ধরতে পারে নি। শ্রীলংকা সফরের প্রথম টেস্ট ম্যাচটিও অন্তত ড্র করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে দামাল ব্যঘ্রবাহিনি। অবশেষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল খেই খুঁজে পেল। নিজেদের প্রকৃত শক্তি প্রকাশে সক্ষম হলো। দ্বিতীয় টেস্টের পাঁচটি দিনই ছিলো রোমাঞ্চে ভরা। ঘড়ির পেন্ডুলামের মতো একবার এদিকে আরেকবার অন্যদিকে হেলতে হেলতে প্রতিদিনই বাংলাদেশ ভাল অবস্থানে ছিলো। জয়ের সুবাস পাওয়া যাচ্ছিল তাই প্রথম ইনিংস থেকেই। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যা খেলেছে তার চাইতেও শক্তিমত্তা বেশি এই দলটির। যে দিকটিতে বাংলাদেশ পিছিয়ে তা হলো কেমল মাত্র মানসিকতা। জয়ের ক্ষুধা, অখ- মনোসংযোগ আর মাটি কামড়ে পড়ে থাকাÑখেলার এমনসব ধ্রুপদী বিষয়গুলোকে উপেক্ষা করার একধরনের বিলাসিতায় যেন দলটিকে আঁকড়ে রেখেছিল। অবশেষে ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারায় স্বস্তি শুধু ক্রিকেট সংগঠকদের মনেই নয় পুরো দেশবাসী হাফ ছেড়ে বাঁচলেন। এখন আর নয় পিছিয়ে থাকা। এবার শুধু সামনে এগিয়ে যাওয়া। শততম ওয়ান ডে ম্যাচেও গৌরবের জয় পেয়েছিল অদম্য বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সফরে সামনের ওয়ান ডে ও টি ২০ সিরিজে জয়ের এই ধারাবাহিকতা দেখতে পুরো দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষমাণ। আমাদের সোনার ছেলেরা নিশ্চয়ই একটি জাতির এই প্রত্যাশার অমর্যাদা করবেন না।
ক্রমাগত নেতিবাচক সংবাদাদির মধ্যে ক্রিকেট-জয় শান্তির নির্মল বাতাসের মতো মনোমুগ্ধকর। প্রতিদিন জঙ্গি তৎপরতা, রাজনৈতিক কাইজ্জা ফ্যাসাদ আর দুর্নীতির খবর পড়তে পড়তে পাঠকরা অস্থির হয়ে উঠেছেন। ক্রিকেটের একটি জয় ওই পাঠককূলকে একঘেয়েমির তেতো স্বাদ থেকে রক্ষা করে মিষ্টি স্বাদ আস্বাদনের সুযোগ করে দেয়। দেয় বলেই সাকিব, মুশফিক, তামিম, মোস্তাফিজ, রিয়াজ, মোসাদ্দেকরা এখন এক একটি হীরার টুকরো। এমন হীরার টুকরো হতে অথবা ধারে কাছে যেতে সারা দেশের তরুণরা আজ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করছে। ক্রিকেট পাইপলাইনে এখন আমাদের কোন ঘাটতি নেই।
ক্রিকেট বাংলাদেশের ব্র্যান্ড এম্বেসেডর। ক্রিকেট পজেটিভ বাংলাদেশের রোল মডেল। ঝড় জলোচ্ছাস রাজনৈতিক অস্থিরতার বাইরে ক্রিকেট এই দেশকে পরিচিত করে সম্ভাবনার বাংলাদেশ হিসেবে। আমরা এখন ক্রিকেটেই কেবল বিশ্ব জয়ের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়ন কোন কষ্ট কল্পনা নয়। হাতের নাগালে ওই দূরত্ব। ক্রিকেট নামক ওই চেতনার বিস্তৃতি কামনা করি আমরা। এই প্রত্যাশার জায়গা থেকেই শততম টেস্ট বিজয়ী দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং পারসন, বিসিবিকে আবারও অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা।