- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শতবর্ষী ছায়া রানীর ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ের শতবর্ষী ছায়া রানী দাসের ভাগ্যে আজো জুটেনি বয়স্ক ভাতা। ছায়া রানী দিরাই করিমপুর ইউনিয়নের চান্দপুর বিজয়নগর গ্রামের মৃত রমন দাসের স্ত্রী। দিরাই শহরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
বৃদ্ধ ছায়া রানী বলেন, আমার ছেলে দীরেন্দ্র চা বিক্রি করে নিজের স্ত্রী সন্তানদের ঠিকমতো ভরণপোষণ করতে পারে না। ছোট ছেলে রাজিন্দ্র অন্ধ বলে তার পরিবারের লোকেরা খবর নেয় না। তাই বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করি।
কাঁদতে কাঁদতে বৃদ্ধা বলেন, সারাদিন ভিক্ষা করে বাড়ি ফিরে নিজেকেই রান্না করতে হয়, পানি আনতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুকেশ বর্মন জানান, বৃদ্ধ ছায়া রানীর জাতীয় পরিচয়পত্র নেই। তাই আমি চেষ্টা করেও পারিনি। জাতীয় পরিচয়পত্র তৈরী করে তাকে বয়স্ক ভাতা প্রদানের জন্য আমি চেষ্টা করছি।

  • [১]