সুহেল আহমদ
‘আমার নাতি ভাইরে ভোট দিতে আইছি। আরেক নাতি কোলও কইরা লইয়া আইছে। দোয়া কইরইন আপনারা’। বয়স ১০০ পাড় হওয়া সোনা বিবি ভোট দিয়ে ফেরার সময় এমন কথাই বলছিলেন। সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার দুপুর ১২ টায় ভোট দেন সোনা বিবি নামের এই বৃদ্ধা।
মাইজবাড়ীর মৃত হাফিজ উল্লার স্ত্রী সোনা বিবি’র (নাতি জহিরুল ইসলামের দাবি বয়স ১২০ বছর) নাতি মুক্তার আলী ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন। আত্মীয়-স্বজন সকলে ভোট দিতে আসছেন দেখে বিছানায় থাকা শত বছর বয়সি সোনা বিবিও বায়না ধরেন, ‘আমি আমার নাতিকে গিয়ে ভোট দিব’ বলে।
পরে আরেক নাতি জহিরুল ইসলাম নানীকে কোলে করে কেন্দ্রে ভোট দেবার জন্য নিয়ে আসেন। জহিরুল ইসলাম বলেন, ‘আমার নানী ভোট দিতে পেরে অনেক খুশি’।