জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা, পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শফিকুল আহমদ ভূঁইয়া আর নেই। নামাজে জানাজা শেষে নিজের নির্মিত মসজিদ ও এতিমখানার পাশে শনিবার বিকেলে তাঁকে দাফন করা হয়েছেন।
গত শুক্রবার রাতে সিলেট শহরের পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকার জগন্নাথপুর হাউসের বাসায় আকস্মিক হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে কিছু দিন আগে লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। গত বুধবার প্রয়াতের বড় বোন সিলেট নগরীতে ইন্তেকাল করেন।
এদিকে শনিবার বেলা ১১টার মরহুমের মরদেহ এম্বুলেন্স যোগে মরহুমের জন্মভিটা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই নয়াবাড়িতে এসে পৌছে সেখানে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণ ঘটে। এলাকার শত শত নারী পুরুষ শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ছুটে যান।
বাদ আসর মরহুমের নামাজে জানাজা ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পর্য়ায়ের শোকাহত মানুষ জানাজায় অংশ নেন। জানাজা নামাজ শেষে জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় মরহুমের নিজের নির্মিত মসজিদ ও এতিমখানায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
প্রসঙ্গত, শফিকুল আহমদ ভূঁইয়া সামাজিক, রাজনৈতিক ও ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর তথা সিলেট শহরের সুপরিচিত ছিলেন। তাঁর বাবা আব্দুল খালিক ছিলেন একজন সমাজসেবী ও সুপরিচিত প্রভাবশালী ব্যক্তি। তাঁর নামে পৌর শহরের ৯ নং ওয়ার্ডে খালিক নগর নামে একটি গ্রাম ও আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রয়াত শফিকুল আহমদ ভূঁইয়া। এছাড়াও জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক,সিলেট মহানগর জাসদ নেতা সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জগন্নাথপুর সমিতি সিলেটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু প্রমুখ।