- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শব্দ দূষণে ব্যাহত হচ্ছে পাঠদান

স্টাফ রিপোর্টার
শব্দ দূষণ ও যাতায়াত ঝুকির জন্য কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিতে মনোযোগ বিঘœ হচ্ছে। অতিরিক্ত শব্দ দূষণে শিক্ষকরা পাঠদানে সমস্যায় পড়ছেন। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসলেও যানবাহনের শব্দ দূষণের কারণে মানসিকভাবে অস্বস্তিকর পরিবেশে শ্রেণিতে অবস্থান করতে হয় তাদের।
জানা যায়, ৭ শ শিক্ষার্থী নিয়ে কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম শুরু হয় সকাল ৯ টায়। খেলার মাঠ বিহীন এই বিদ্যালয়টিতে ২ তলা বিশিষ্ট অবকাঠামোগত সুবিধা রয়েছে। সামনের সড়কটি ভাঙ্গা চুড়া। ফলে সব সময়ই যানবাহনের ধীর গতি থাকে বিদ্যালয়ের সামনে। এতে অতিরিক্ত শব্দ দূষণ তৈরি হয়।
বিদ্যালয়ের কর্তৃপক্ষের অভিযোগ, উচ্চ শব্দে মাইক বাজানোর কারণেও ব্যাহত হচ্ছে বাচ্চাদের পড়াশোনা। সকাল, দুপুর কী বিকেল, মাইকিং চলছেই। কখনো রিকশায় করে, কখনো বা সিএনজি চালিত অটোরিকশায় করে উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঐশী রানী বলেন, বিদ্যালয়ে আমরা খেলাধুলা করি না। কারণ খেলার মাঠ নেই। ক্লাসের ভেতরে সব সময়ই গাড়ির শব্দ শুনা যায়। এতে আমরা পাঠে মনযোগ রাখতে পারি না।
একই শ্রেণির শিক্ষার্থী সাইম আহমদ চৌধুরী ইমরান ও মো. শামিনুল ইসলাম তানভির বলেন, আমাদের খেলার মাঠ প্রয়োজন। গাড়ির আওয়াজে ক্লাস করতে পারি না। যখন মাইক বাজে রাস্তায় তখন কান চেপে রাখতে হয়।
সহকারী শিক্ষক মিনাক্ষী দাস বলেন, সকাল ১১ টায় আমাদের প্রথম শিফটের ছুটি হয়। তখন কিছুটা রেস্ট নেয়া যায়। কিন্তু আমাদের তা হয়ে ওঠে না। শিক্ষার্থীদের রাস্তা পারাপার ও রিকশায় তুলে দিতে হয় আমাদের। কারণ রাস্তার পাশে স্কুল। এছাড়াও সারাদিন শব্দ তো আছেই। মাইক ও যানবাহনের শব্দে পাঠদান করাই কঠিন হয়ে যায়।
কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার বলেন, অন্যান্য বিদ্যালয়ের সামনে খেলার মাঠ রয়েছে। কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। শিক্ষার্থীদের বিদ্যালয়েই অবস্থান করতে হয়। রাস্তার পাশে বিদ্যালয় হওয়ায় খুব শব্দ দূষণে থাকতে হয় আমাদের। শহরের সব গাড়ি এই রাস্তা দিয়েই চলাচল করে।
তিনি আরো বলেন, আমাদের বিদ্যালয়ের সামনের সড়কটি ভাঙ্গা অবসন্তায় রয়েছে অনেকদিন যাবৎ। এজন্য যানবাহনের স্বাভাবিক গতি এখানে কমে যায়। অনেক সময় জটলা বেধে যায় যানবাহনের।
এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি সড়কটি মেরামত করার জন্য। আমাদের আশস্তও করেছেন মেরামত করার। কিন্তু সেটি হচ্ছে না।

  • [১]