জামালগঞ্জ প্রতিনিধি
স্বল্প মেয়াদে বেশী ফলন পাওয়া যায় এমন উন্নত জাতের শসা চাষ করেছেন মো. রূপ মিয়া। বাম্পার ফলনও হওয়ায় মাত্র ৩ মাসে শসা বিক্রি করে তিনি আয় করেছেন লাখ টাকা। শসার আশানুরুপ ফলনে রূপ মিয়ার চোখে মুখে হাসি ফুটে উঠেছে।
কৃষক রূপ মিয়া জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। শসা চাষে তার সফলতা দেখে অনেকেই শসা চাষে আগ্রহী হচ্ছেন। জানা যায়, উৎপাদিত শসা স্থানীয় বাজার ছাড়াও উপজেলা সদরে সরবরাহ করা হচ্ছে।
রূপ মিয়া বলেন, ২০ শতক জমিতে শসার বীজ রোপন করেছিলাম। চারা একটু বড় হওয়ার পর মাচায় উঠিয়ে দেই। তার পর মাচায় ধীরে ধীরে বেড়ে উঠেছে শসা গাছ। জমি তৈরি বীজ সংগ্রহ ও জৈব সার মিলিয়ে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। সকল খরচ বাদ দিয়ে লাখ টাকার উপরে লাভ হয়েছে। আগামীতে আরও বেশী জমিতে শসা করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, রূপ মিয়া তার বাড়ির আঙ্গিনার ২০ শতক জমিতে শসা চাষ করে ব্যাপক লাভবান হয়েছে। তার মতো অন্যান্যরা মাচা পদ্ধতিতে কৃষি অফিসের পরামর্শে শসা চাষ করলে লাভবান হবেন। এছাড়াও এই উপজেলায় কয়েকজন কৃষক প্রায় ৩ হেক্টর জমিতে শসা চাষ করেছেন। তারা প্রত্যেকেই লাভবান হয়েছেন।