জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে শসা চাষ। চলতি মৌসুমে জামালগঞ্জ উপজেলায় পাঁচ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। এবার শসার আবাদও ভাল হয়েছে। বাড়ির আঙ্গিনায় হলুদ সাদা ফুল সহ থরে থরে ঝুলছে শসা। এমন দৃশ্য দেখা যায় জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামে।
জানা যায়, শসার বীজ রোপনের ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে গাছে ফুল ধরা শুরু করে। বিঘা প্রতি খরচের চেয়ে চার গুণ লাভের আশায় শসা চাষের আগ্রহী হচ্ছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভাল হবে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা রামপুর গ্রামের শসা চাষী মো, রুপ মিয়া বলেন, এই মৌসুমে দুই বিঘা জমিতে শসার আবাদ করেছি। তাতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আবহাওয়া ভাল ও শসার বাজার দামও ভাল। আশা করছি, দুই বিঘা জমিতে লাখ টাকার উপরে বিক্রি হবে।
ভুতিয়ারপুর গ্রামের ইকবাল হোসেন বলেন, প্রায় তিন বিঘা জমিতে শসার আবাদ করেছি। প্রথম বারে অধিক বৃষ্টির ফলে অনেক গাছ মারা যায়। পরে আবার গাছ লাগাই। এখন গাছগুলো বাড়তে শুরু করেছে, আর কয়েক দিনের মধ্যেই শসা ধরবে আশা করি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, এই মৌসুমে জামালগঞ্জ উপজেলায় পাঁচ হেক্টর জমিতে শসার আবাদ করা হয়েছে। আবহাওয়া ভাল থাকায় বাজারে শসার ব্যাপক চাহিদা রয়েছে। যার কারণে কৃষকরা ভাল দাম পাবেন।