- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরের নিরাপত্তায় আসছে ৩২ টি সিসি ক্যামেরা

বিন্দু তালুকদার
সুনামগঞ্জ পৌর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চুরি-ছিনতাই, ইভটিজিং, জঙ্গি-সন্ত্রাসবাদ ও নানা অপরাধ রোধ করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের অর্থায়নে ঈদের আগেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এসব সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানা গেছে।
শহরের সকল প্রবেশদ্বার ও বাহির হওয়ার রাস্তা, বাজার এলাকা, সকল পাড়া-মহল্লা ও স্কুল-কলেজ, মাদ্রাসার মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সিসি ক্যামেরা স্থাপন করে শহরের আড়াই কিলোমিটার এলাকার নিরাপত্তা তদারকি করা হবে। তবে এজন্য যে প্রাযুক্তিক ব্যবস্থা তৈরি হচ্ছে তাতে আরও অতিরিক্ত ৩২ টি ক্যামেরা স্থাপন করা সম্ভব। কেউ নিজ উদ্যোগে চাইলে এখানে অতিরিক্ত সিসি ক্যামেরা সংযুক্ত করতে পারবেন।
শহরের আড়াই কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা স্থাপন ও এর রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স সিসি ক্যামেরা স্থাপনকারী প্রতিষ্ঠানের সাথে ইতোমধ্যে লিখিত চুক্তি সম্পাদন করেছেন। আগামী শনিবার থেকে শহরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হবে। সিসি ক্যামেরা স্থাপনের পর দুই বছর নিজ উদ্যোগে রক্ষণাবেক্ষন করবে ওই প্রতিষ্ঠান।  
জেলা প্রশাসকের কার্যালয় ও সুনামগঞ্জ সদর থানা থেকে   
মনিটরের মাধ্যমে ৩২ টি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হবে। তবে এর সংযোগ লিংক পুলিশ সুপারের কার্যালয়, চেম্বার অব কমার্স ও সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে থাকবে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘এটা একটা অতন্ত মহতি উদ্যোগ। এসব ক্যামেরা স্থাপনের ফলে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ কাজে আসবে। অপরাধ নির্মুল ও কোথাও কোন অপরাধ সংঘটিত হলে এসব ক্যামেরা থেকে আমরা তথ্য পাব।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘সুনামগঞ্জ শহরের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শহরে ইভটিজিং ও চুরি-ছিনতাই রোধ করতে জেলা প্রশাসন সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। আমরা শহরবাসীসহ সবার সুবিধার্থে এসব ক্যামেরা স্থাপনে আর্থিক সহযোগিতা করছি। আমরা চাই শান্তির শহর সুনামগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক থাকুক এবং শহরে ইভটিজিং, চুরি-ছিনতাই রোধ হোক।  ’

  • [১]