- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরের সড়কে ভোগান্তি কমিয়ে আনার দাবি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের রাস্তায় চলাচলে মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবারের তিন দফা বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে শহরের বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সময়ে শহরের বিভিন্ন স্থানে রাস্তা উন্নয়ন কাজের খনন করে ফেলা মাটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ায় কাদার সৃষ্টি হয়েছে। এসব ভোগান্তি দ্রুত কমিয়ে আনার দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
শহরের পৌর মার্কেটের সামনে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে বিটুমিনাস রাস্তায় ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে রাস্তার পাশে উন্নয়ন কাজের খনন করা মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ায় কাদার সৃষ্টি হয়েছে। একইভাবে উকিলপাড়া রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের সৃষ্টি হয়েছে বালুরমাঠ এলাকা, কাজির পয়েন্ট, ষোলঘর, ধোপাখালি এলাকায় মাদ্রাসার সামনের রাস্তায় ও নবীনগর রাস্তায়। নতুন হাছননগর মাদ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। এদিকে সুরমা মার্কেট এলাকা, সোমপাড়া এলাকা, সরকারী পুকুরপাড় এলাকা, জামাইপাড়া এলাকা, বাধনপাড়া এলাকা, নতুনপাড়া এলাকার রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত ও কাদা জমে থাকায় রাস্তায় মানুষজন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
পথচারী নবী হোসেন বলেন, পৌর মার্কেটের সামনের রাস্তা দিয়ে চলাচলের সময় প্যান্ট উপর দিয়ে ঘুটিয়ে দ্রুত চলাচল করতে হয়। নইলে গাড়ি চলাচলে কাদা পানি উপরে পড়ে জামা-কাপড় নষ্ট হয়ে যায়।
সিএনজি চালক আমির হোসেন বলেন, ভাঙাচোড়া রাস্তায় যানবাহন চলাচল করলে মারাত্মক ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে রাস্তার মেরামত কাজ না হওয়ায় যান চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, রাস্তার সাইটের কাচা রাস্তা মেরামতের জন্য খনন করে পাকাকরণ হবে। এতে রাস্তাও প্রশস্ত হবে। শহরের বিভিন্ন স্থানে রাস্তা উন্নয়নের কাজ চলছে। বৃষ্টির জন্য কাজ থেমে থেমে করা হচ্ছে। দ্রুত রাস্তার সংস্কার কাজ শেষ হবে। তখন মানুষের ভোগান্তি কমে আসবে।

  • [১]