- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরের ৫ খাল উদ্ধারে আবারও বেলার নোটিশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ৫টি খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়রসহ ১৪ জনকে আবারো নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এস. হাসানুল বান্না মঙ্গলবার ডাকযোগে এই নোটিশ পাঠান। । নোটিশে শহরের তেঘরিয়া খাল, বড়পাড়া খাল, কামারখাল, বলাইখালী খাল ও নলুয়াখালী খালের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, এসব খালের দখলদারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেলার পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা (১০৮১/২০২৩) করা হয়। আদালত এ বছরের ১২ ফেব্রুয়ারি শুনানী শেষে এসব খালের দখলদারদের তালিকা করে তাদের উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেন। কিন্তু এই আদেশের পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো শহরের তেঘরিয়া ও বড়পাড়া খালের ওপর ড্রেন নির্মাণ করা হচ্ছে। যেটি আদালত অবমাননার শামিল। এমতাবস্থায় এই নোটিশ পাওয়ার পর আগামি দুই জুলাইয়ের মধ্যে গৃহীত ব্যবস্থা সর্ম্পকে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগে পরবর্তী আইন পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পওর বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী।
১ ৪জনকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বেলার সিলেট বিভাগের সমন্বয়ক আইনজীবী শাহ শাহেদা আক্তার বলেন, এসব খাল উদ্ধারে স্থানীয়ভাবে যেমন দাবি আছে, তেমনি আমরাও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করেছি। দাবি জানিয়েছি। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আবার নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কোনো পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]