- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে অপরাধ বৃদ্ধি- দেয়াল কেটে চুরি

বিশেষ প্রতিনিধি
নতুন কায়দায় দেয়াল কেটে একের পর এক চুরির ঘটনা ঘটছে শহরে। বিশেষ করে কম্পিউটার সামগ্রী, মোবাইলের দোকানসহ দামী পণ্যের দোকান টার্গেট করে চোরেরা দেয়াল কেটে ঘরে ঢুকে লাখ-লাখ টাকার মালামাল নিয়ে যাচ্ছে। চোরেরাও ধরা পড়ছে না। সোমবার রাতে শহরের ষোলঘর কাজীর পয়েন্ট এলাকায় একটি হার্ডওয়ার দোকানে দেয়াল কেটে চুরির ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন বিপণির ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে আতংক তৈরি হয়েছে। পুলিশ বলছে,‘আমরা এসব চুরি ঠেকানোর চেষ্টা করছি, বিপণিগুলোর নাইটগার্ড (নৈশ প্রহরী) থাকা অবস্থায় দেয়াল কেটে চুরির ঘটনা ঘটছে, এমন চুরি ঠেকাতে পুলিশের পাশাপাশি নৈশ প্রহরীদের তৎপর হতে হবে, বিপণির ব্যবসায়ীদেরও পুলিশকে সহায়তা করতে হবে’।
গত তিন মাসে দেয়াল কেটে ৬ টি বড় দোকানে চুরি হয়েছে। সোমবার রাতে চুরি হয়েছে শহরের কাজীর পয়েন্টের দোকান পপুলার হার্ডওয়ারে। এই দোকানের পেছনের ৫ ইঞ্চি ইট গাথুনি কেটে চোরেরা ঘরে ঢুকেছে এবং নগদ ২২ হাজার টাকা, একটি কম্পিউটারের সিপিইউসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বিপণিতে নৈশ প্রহরী রয়েছে। এরপরও এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতংকিত ব্যবসায়ীরা।
এর আগে পৌর মার্কেটের কম্পিউটার সামগ্রীর দোকান কম্পিউটার সোর্স, স্টেশন রোডের ফটোপ্লাস, মুক্তারপাড়ার একটি  মোবাইলের দোকান, হাছননগরের প্রিয়াঙ্গণ মার্কেটের পপি স্টুডিও, কালীবাড়ীর মা টেলিকমে দেয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলেছেন, চুরি হওয়া দোকানগুলোর সব কয়টিই ৫ ইঞ্চি গ্াঁথুনির দেয়াল ছিল। ড্রিল মেশিন জাতীয় বিশেষ যন্ত্র ছাড়া এই দেয়াল কাটা সম্ভব নয়।
কম্পিউটার সোর্সের মালিক আমিনুল ইসলাম বলেন,‘আমার দোকানে দুই বার চুরি হয়েছে। কমপক্ষে ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। দ্বিতীয় দফায় দেয়াল কেটে চুরির ঘটনায় স্তম্ভিত হয়েছি আমি, এমনভাবে দেয়াল কেটেছে, যেন প্রশিক্ষণ প্রাপ্ত দেয়াল কাটার মিস্ত্রি এরা (চোরেরা)’। তিনি জানান, ঘটনার পর থানায় মামলা করেছি, ফল হয়নি কিছুই।
কাজীর পয়েন্টের পপুলার হার্ডওয়ারের মালিক আল আমিন মিয়া বলেন,‘যেভাবে আমার দেয়াল কাটা হয়েছে, মেশিন ছাড়া কাটলে রাতের বেলায় বড় আওয়াজ হতো, চুরির ঘটনায় মঙ্গলবার জিডি করেছি আমি’।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘বিপণি বিতান বা যে সব এলাকায় দেয়াল কেটে চুরির ঘটনা ঘটেছে এই দোকানগুলোর প্রায় সব কয়টিতেই নৈশ প্রহরী রয়েছে, নৈশ প্রহরীকে আরো সক্রিয় হতে হবে, রাতে টহলে থাকা পুলিশের পক্ষে সকল পথ ও মার্কেটের পেছনে ঢুকা সম্ভব হয় না, নৈশ প্রহরীকে সক্রিয় থাকতে হবে, আমরা চুরি ঠেকানোর চেষ্টা করছি, ইতিমধ্যে চুরি হওয়া মোবাইল তৃতীয় পার্টি অর্থাৎ চোরের কাছ থেকে যারা মোবাইল কিনেছে, তাদের কাছ থেকে উদ্ধারও হয়েছে। আমাদের রাতের টহল পার্টি একদিন দুই তরুণকে ধাওয়া দেয়ায় এরা ড্রিল মেশিন ফেলে পালিয়েছে, পুলিশ ড্রিল মেশিন উদ্ধার করেছে। আমাদের তৎপরতা অব্যাহত আছে, সকলে সহযোগিতা করলে দেয়াল কেটে চুরি হবার ঘটনা অবশ্যই ঠেকানো যাবে’।

  • [১]