স্টাফ রিপোর্টার
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শহরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়ে কালিবাড়ির সামনে এসে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজুর পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাবেদ, জামাল উদ্দিন বাকের, তোফাজ্জল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা খায়রুল হাসান সাজু, ফয়সল আহমদ প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। তারেক রহমান যাতে দেশে এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে না পারেন তার জন্য তাকে সব সময় মামলায় জড়িত রাখা হয়। তার বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছে। সরকার পুলিশ দিয়ে দেশ পরিচালনা করছে। জনবিচ্ছিন্ন এই অবৈধ স্বৈরাচারী সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। খুব শীঘ্রই জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে।
এদিকে ছাত্রদলের অপর পক্ষ শহরের কাজীর পয়েন্ট এলাকা থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়া পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে। এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল হক, ছাত্রদল নেতা শাহ আলম, সোহাগ আহমদ, তারেক, রুহুল আমিন, সুমন, তানভির প্রমুখ।