স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৯’এর সদস্যরা। শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ র্যাব ৯ এর সহকারী পরিচালক মো. ইকরামুল আহাদ। র্যাব জানায়, সিএনজিতে যাত্রী সেজে অভিনব কায়দায় ছিনতাই করে আসছিল এরা।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তারা সাধারণত একটি সিএনজির ৪ টি আসন আগেই নিজেরা দখল করে থাকে। আর বাকি একটি আসনে ভাড়ায় লোকাল যাত্রী উঠায়। এই যাত্রীকে বেশিরভাগ সময়ই পেছনের তিন সিটের মাঝখানে বসায়। জেলা শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে নতুন জেলখানা এলাকার দিকে যাওয়ার সময় ফাঁকা জায়গায় অভিনব কায়দায় ছিনতাই করে আসছিল চক্রটি। বৃহস্পতিবার রাতে তারা কালিবাড়ি এলাকায় ছিনতাইয়ের পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করলে চক্রটির ২ জন পালিয়ে গেলেও অপর ২ জনকে হাতে নাতে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন, ছাতক উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা মৃত ইলিয়াছ আলীর ছেলে মো. সুমন আহমদ ও শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের বাসিন্দা নিম আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন। এসময় তাদের সঙ্গে থাকা ১ টি চাকু, ১ টি মোবাইল ফোন, ২ টি সিম, ১ টি সিএনজি ও ১ টি চাবির গোছা উদ্ধার করা হয়।
এই বিষয়ে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক মো. ইকরামুল আহাদ জানান, জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃতদের দ-বিধি ৩৯৩ ধারায় এজাহারসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, র্যাব’এর পক্ষ থেকে দুইজন ছিনতাইকারী আটক করে শুক্রবার সকালে থানায় দেওয়া হয়েছিল। দুজনকেই কোর্টে চালান দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ কোর্টের এএসআই লুতফুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন সুনামগঞ্জ সদর আদালতের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হেলাল। বিকালে ওদের জেল হাজতে পাঠানো হয়েছে।