- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শহরে ১৫ কোটি টাকার ভূমি নিয়ে বিরোধ ‘আদালতের রায়ের পরও জমি বুঝে পাচ্ছি না’

বিশেষ প্রতিনিধি
পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকার প্রায় ১৫ কোটি টাকার জমি নিয়ে দুই পক্ষের টানাহ্যাঁচরা শুরু হয়েছে। জমির মালিক দাবি করে শনিবার স্থানীয় একটি দৈনিক পত্রিকার অফিসের সম্মেলন কক্ষে এক পক্ষের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ‘উচ্চ আদালতের আদেশ হবার পরও সুনামগঞ্জ জেলা প্রশাসন আমাদেরকে জমি বুঝিয়ে দিচ্ছেন না’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায় চৌধুরী উল্লেখ করেন, সুনামগঞ্জ পৌর এলাকার ১১৫ নম্বর জেল’এর ৯৯ নম্বর খতিয়ানের ১১১ ও ১১২ নম্বর দাগের (হাসপাতালের সামনের জমি) এক একর ৬০ শতক লায়েক পতিত ও ভীটরকম ভূমির প্রকৃত রেকর্ডিয় মালিক তার পিতা দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত চন্দ্র কান্ত রায় চৌধুরী। পিতার অবর্তমানে তিনি-ই সম্পদের মালিক। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুনালে এই ভূমি নিয়ে মামলা (৩/২০১২) দায়ের করলে রায় অনুকূলে হয় তাদের।
কিন্তু এই রায়ের বিরুদ্ধে তপশীল বর্ণিত ভূমিতে বন্দোবস্তধারী- আব্দুর রহিম, খোকা চৌহান, মোছাম্মৎ রহিমা বেগম, মিলন চন্দ, লক্ষ্মীপদ ঋষি, জুয়েল চন্দ্র দাস, আমিনা বেগম, নূরজাহান বেগম, কামরাজ মণ্ডল, হাবিবুর রহমান, রেজা মিয়া, ছানা মিয়া, হিরা মিয়া, মো. আলী হায়দার, মো. ছুরত মিয়া, নুরুজ্জামান, আব্দুল খালিক, বিজন সেন রায়, আঙ্গুর মিয়া ও চাঁন মিয়া’র পক্ষে আপীল মোকদ্দমা (যথাক্রমে ১০/২০১৪ ও ১৪/২০১৪) দায়ের করা হয়। কিন্তু বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ উভয় আপীলের রায়ে মামলা খারিজ করে প্রত্যর্পন মোকদ্দমার রায় বহাল রাখেন বলে চিত্ত রঞ্জন উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরোও বলা হয়- এই মামলার রায়ের অনুলিপি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন ২০০১’এর ১১ ধারার (৩) ও (৪) উপধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আইন থাকলেও জেলা প্রশাসক, সুনামগঞ্জ কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলেও লিখিত বক্তব্যে বলা হয়।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত বছরের ৬ জুলাই সকাল ১১ টায় তাকে (চিত্ত রঞ্জন রায় চৌধুরী) দখল বুঝিয়ে দেওয়ার নোটিশ প্রদান করলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করেননি জেলা প্রশাসন। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ হতে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট শাখায় (গত বছরের ২৬ জুলাই) রীট পিটিশন (নম্বর ৭৭২৫/২০১৫) দায়ের করা হয়।
লিখিত বক্তব্যে চিত্ত রঞ্জন রায় চৌধুরী বলেন, বিগত ৫০ বছরে এই ভূমি নিয়ে একাধিক মামলার রায় ও ডিক্রি তার পক্ষে থাকার পরও জমির দখল পাননি তিনি।
জানা গেছে সরকারি কাগজে-পত্রে এই ভূমিতে ২২ জন বন্দোবস্তধারী রয়েছেন। কিন্তু সংবাদ সম্মেলনে চিত্ত রঞ্জন রায় চৌধুরী ১৯ জনের নামের তালিকা সরবরাহ করেন।
বাকী ২ জন আব্দুস সালাম ও আনছারুল হক বাবু তাদের বন্দোবস্তের জমি তার কাছে মৌখিকভাবে সারেন্ডার করেছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান চিত্ত রঞ্জন রায় চৌধুরী।
বিপূল অংকের টাকার এই জমির বিষয়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘আদালতের রায়ের প্রেক্ষিতে এই জমি বুঝিয়ে দেবার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যেই আরেক মামলা হয়ে যায়। এজন্য জমি বুঝিয়ে দেবার উদ্যোগ স্থগিত হয়ে যায়। এখন আদালত যে আদেশ দেবেন, আমরা সেটিই প্রতিপালন করবো’।
এদিকে, শনিবার দুপুরে বন্দোবস্ত গ্রহিতাদের পক্ষে দেওয়া লিখিত বক্তব্যে শহরের হাসননগরের মো. সুরত মিয়া বলেন,‘চিত্তরঞ্জন রায় চৌধুরী’র অপর ভাই চির রঞ্জন রায় চৌধুরী ভারতের নাগরিক হওয়ায় একক মালিকানা দাবি করে আদালতের আশ্রয় নেন চিত্ত রাঞ্জন রায় চৌধুরী। চিত্ত রঞ্জন রায় চৌধুরী নিজেও ভারতের নাগরিক হওয়ায় মহামান্য হাইকোর্টে আমরা রীট মামলা (নম্বর ১১৯৪৯) দায়ের করেছি। যা বিচারাধীন আছে’।

  • [১]