পুলক রাজ
নির্বাচনকে ঘিরে শহর ছেয়ে গেছে পোস্টারে। পয়েন্টে, অলিগলিতে, পাড়া-মহল্লায় প্রার্থীদের সাদাকোলো বিভিন্ন ডিজাইনের পোস্টার টাঙানো হয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জনগণের মধ্যে নির্বাচনের আমেজ বাড়ছে।
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থীদের চেয়ে ৯ টি ওয়ার্ডেই কাউন্সিলরদের প্রচারণা জমেছে বেশি।
অন্যান্য সকল ওয়ার্ডের চেয়ে ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পোস্টার বেশী টাঙানো হয়েছে। ওই ওয়ার্ডে অফিস, দোকানপাট, বাসাবাড়ীতে রয়েছে লিফলেট পোস্টারের ছড়াছড়ি। ওয়ার্ডের কোন সড়ক বাকি নেই পোস্টার ছাড়া। কার ছেয়ে কে বেশী পোস্টার লাগাবে তা নিয়ে চলছে প্রতিযোগীতা।
নয় নম্বর ওয়ার্ডের ভোটার প্রীয়াংকা কর প্রিয়া বলেন, পোস্টার আমাদের ওয়ার্ডেই বেশী লাগানো হয়েছে। মাঝে মাঝে বিরক্ত লাগে। কিন্তু ভালোও লাগে, মনে হয় কাগজের উৎসব চলছে। মাইক দিয়ে প্রচারণার চেয়ে পোস্টারই ভালো।
নোলক সরকার বলেন, পোস্টার লাগানো হয়েছে ভালো কথা, প্রচারণার জন্য পোস্টার লাগানো উচিত। কিন্তু বেশী পোস্টার লাগানোর কারণে হিজিবিজি দেখা যায়। প্রার্থীর সমর্থকরা যার যেমন মন চায় তেমন ভাবেই পোস্টার লাগিয়েছে।
জনি আহমেদ বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা মার্কাসহ প্রাচারণার পোস্টার দড়ি দিয়ে লাগিয়েছেন ভালো কথা। কিন্তু এত বেশী পোস্টার লাগানোর কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিদ্যুতের পিলারের সাথে অনেক পোস্টার আছে টাঙানো, হঠাৎ যদি কাগজে বিদ্যুৎ লেগে যায় তাহলে তো পুরো ওয়ার্ডে আগুন লেগে যেতে পারে।