স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার নাইন্দাল হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে অনশন কর্মসূচি করছেন ৪ জন কৃষক। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। অনশনে থাকা চার কৃষক হলেন দোয়ারাবাজার উপজেলার মাঝেরগাঁও গ্রামের আবদুন নুর (৭০), আবদুল জলিল (৬৫), আবদুর রউফ (৫৫) এবং বড়বন গ্রামের আবদুল জলিল (৬০)। অনশন চলাকালে তাদের দাবির প্রতি সংহতি জানান জেলা ছাত্র ইউনিয়নের নেতারা। বিকাল ৪ টায় হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বজলুর মজিদ চৌধুরী খসরু তাদের অনশন ভাঙ্গান।
অনশনে থাকা কৃষকেরা জানান, উপজেলার নাইন্দার হাওরে তাদের প্রায় ২০০ বিঘা জমি আছে। এই জমির ফসলের ওপর তারা নির্ভরশীল। কিন্তু হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম হওয়ায় ফসল ঝুঁকির মুখে আছে। একাধিকবার এ নিয়ে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।
হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাড, বজলুর মজিদ চৌধুরী খসরু বলেন, আমরা বিকালে গিয়ে বলেছি তাদের অভিযোগ সরজমিনে গিয়ে দেখবো। তাদের অভিযোগের সত্যতা পেলে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের
সাথে আলাপ করবো। তারপরেও যদি কিছু না হয় তখন তাদের আন্দোলনের সাথে একাত্মতা জানাবো।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন,‘ বাঁধের কাজে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি দোয়ারাবাজারে বাঁধের কাজ পরিদর্শন করেছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি অপ্রয়োজনীয় বাঁধ রয়েছে। তাই এটির কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাঁধে কিছু ত্রুটি-বিচ্ছুতি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কোন কাজই হয়নি এটা সঠিক নয়।’