স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৩—২০২৪ মেয়াদে) আগামীকাল (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তবে কার্যনির্বাহী কমিটির ৫ পদের বিপরীতে ৪টি পদেই (সহ—সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ) পদে ইতোমধ্যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৯৫ জন। তাদের ভোটেই ৭ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক খলিল রহমান। লেখক—সাংবাদিক খলিল রহমান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে সুনামগঞ্জ জেলায় কর্মরত। তিনি সচেতন নাগরিক কমিটির (সনাক) সুনামগঞ্জ জেলার সহ সভাপতি। সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
এছাড়াও সহ—সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুখেন্দু সেন ও মোহাম্মদ শওকত আলী। সহ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেওয়ান গিয়াস চৌধুরী। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হোসেন।
একমাত্র সাধারণ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন। এরা হলেন— কাওসার আহমদ, প্রভাষক মো. ওসমান গণী, অ্যাড. আনোয়ার হোসেন, শাহিনুর রহমান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, লিটন সরকার, অ্যাড. সবিতা চক্রবর্তী, মো. আমিনুল হক ও মোহাম্মদ সুবাস উদ্দিন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির রিটার্নিং অফিসার আর্নিকা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।