- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শানবাড়ী সংলগ্ন ৪ থানার হাওর দস্যুতা- গ্রামে-গ্রামে জলদস্যু এসরাক আতঙ্ক

বিশেষ প্রতিনিধি
সাজানো – গোছানো দ্রুত গতির একটি ট্রলারের ভেতরেই একটি দামী (পালসার) মোটর সাইকেল। যে কোন সময় ঘাটে ভিড়িয়ে নামা যায় এমন দুই-তিনটি সিড়ি। বিশ্রাম নেবার আলীসান ইজি চেয়ার। আগ্নেয়াস্ত্র, কয়েকটি মুঠোফোন এবং খাবার-দাবার, গান-বাজনা, আমোদ-ফুর্তির সব আয়োজনই রয়েছে বজরা আকৃতির ট্রলারে। এই ট্রলারে বসেই জামালগঞ্জ ও তাহিরপুরের ভাটি এলাকা, ধর্মপাশা ও মধ্যনগরের হাওর এলাকায় গরু চুরি থেকে শুরু করে সব কিছুই নিয়ন্ত্রণ করে জলদস্যু মো. এসরাক তালুকদার। আগে ঐ এলাকার শানবাড়ীসহ নদীপথে চাঁদাবাজী’র নিয়ন্ত্রণ ছিল তাঁর হাতে।
হাওরাঞ্চলের রাজনীতিক ও সমাজকর্মীরা বলে থাকেন- শানবাড়ী এলাকায় (তাহিরপুর-জামালগঞ্জের ভাটিতে) লঞ্চ ডাকাতি, জলমহাল লুটপাট, বাড়ী-ঘরে ডাকাতি সব কিছুরই নিয়ন্ত্রণ ছিল একসময় জয়শ্রী’র এসরাক ও আইনুল’এর হাতে। গত ইউপি নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হবার পর থেকেই আইনুল থাকছে ধরা- ছোঁয়ার বাইরে। আইনুল এবং এসরাক সম্পর্কে চাচা-ভাতিজা। সম্প্রতি, শানবাড়ী এলাকায় নৌ-পুলিশ টহল শুরু করলেও এসরাক বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। এবার হাওরে পানি বাড়া শুরু হতেই গরু চুরি বৃদ্ধি পেয়েছে। কৃষক এবং কৃষক নেতারা জানিয়েছেন, গরু চুরির নিয়ন্ত্রণও করছে এসরাক। আগষ্টের শুরুতেই ধর্মপাশার বাদশাগঞ্জ ও মধ্যনগর, জামালগঞ্জের ভাটি এলাকার গ্রাম গুলোতে বেশ কয়েকটি গরু চুরি’র ঘটনা ঘটিয়েছে এসরাক বাহিনী। এসরাক অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা, আমি চাঁদাবাজী এখন করি না। চাঁদাবাজী করছে নৌ-পুলিশ।’
হাওরাঞ্চলের একাধিক গ্রামের বাসিন্দারা বলেছেন, হাওরে পানি বাড়ার বাড়ার সঙ্গে জলদস্যুরা সক্রিয় হয়ে ওঠেছে। একেক এলাকায় একেক বাহিনী সক্রিয়। জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুরের ভাটিতে সক্রিয় এসরাক বাহিনী। এক সময় বর্ষায় ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জসহ ভাটি অঞ্চল থেকে গরু চুরি করে নেত্রকোনার শ্রীরাম গ্রামের জঙ্গলে নিয়ে গরু বেঁধে রেখে মুক্তিপণ আদায় করতো চোরেরা। এখন ধরন পাল্টেছে, এসরাকের নেতৃত্বে ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জের ও তাহিরপুরের ভাটিতে গরু চুরি হচ্ছে।
ধর্মপাশার বাদশাগঞ্জের কৃষক নেতা খায়রুল বাশার ঠাকুর খান’র ৯ টি গরু গত পহেলা আগস্ট রাতে চুরি হয়। এর একদিন পর ২ আগস্ট মধ্যনগর গ্রাম থেকে ৮ টি গরু চুরি হয়েছে। কোরবানির ঈদ সামনে থাকায় গরু বিক্রি করতে সুবিধা মনে করে চোরেরা গরু চুরিতে সক্রিয় হয়েছে। এরমধ্যে পানি বাড়ায় চোরদের সুবিধা হয়েছে বেশি।
কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক খায়রুল বাশার ঠাকুর খান বলেন,‘নৌ-পুলিশ টহল দিলেও চাঁদাবাজী চুরি চলছেই। নৌ পুলিশের ৩-৪ জনের দল এসে কয়েকদিন থাকলেই চোরদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে।’
তিনি জানান, এসরাকের বাহিনীতে শামছু মিয়া, আর্শাদ মিয়া ও লিলু মিয়াসহ কয়েকজন দুর্ধর্ষ ডাকাত রয়েছে। এরা চুরি করা গরু বিভিন্ন কৌশলে বিক্রি করার কাজও করে। এরা বিভিন্ন গ্রামের বাসিন্দা হলেও এখন শেলবরস গ্রামে স্থায়ীভাবে থাকছে। এসরাক হাওর এলাকায় নিরাপদে চুরি-ডাকাতি করছে। সে কারো বাড়িতে গিয়ে লুকোলেও কেউ পুলিশকে বলে না, বরঞ্চ ভয়ে আশ্রয় দিয়ে নিরাপদে রাখে।
জামালগঞ্জ উদীচী’র সাধারণ সম্পাদক, গনমাধ্যম কর্মী আকবর হোসেন বলেন,‘গত বৃহস্পতিবার জামালগঞ্জের ভাটির গ্রাম হরিপুর, হরিনাকান্দি ও আহসানপুরে ডাকাত ওঠতে চেয়েছে। গ্রামবাসী সম্মিলিতভাবে তাদের ঠেকিয়েছে।’ এই এলাকায় এসরাক-ই ডাকাতি নিয়ন্ত্রণ করে বলে দাবি আকবর হোসেনেরও।
জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুরের মোহনা শানবাড়ী’র জলদস্যু এসরাক তালুকদারের মুঠোফোনে এ বিষয়ে কথা বললে, সে বললো-‘এই ধরনের কাজ আমি করতে পারলে আমার বনে বনে থাকতে হতো না। আমি বিল-বাদল সাধারণ মানুষদের নিয়ে লুটপাট করেছি। গরু চুরি’র নেতৃত্ব দেবার ইতিহাস আমার নেই। আর নৌ-পথে চাঁদাবাজী আমি নয়, এখন নৌ-পুলিশই করছে। আগে ৩-৪ পার্টি করতো। এখন পুলিশ নিজেরা তোলায় অন্যরা তুলতে পারছে না। আমি ১২-১৩ বছর ধইরা নীরিহ হয়ে গেছি। এলাকায় এসে দেখেন, আমি ট্রলারে-বনে বনে থাকি। আমার ট্রলারে একটা পালসার মোটর সাইকেল থাকে, কোথাও ওঠে দ্রুত যাতে যেতে পারি এজন্য। হাওরাঞ্চলে আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেউ করবে না।’
ধর্মপাশার ওসি (তদন্ত) বেলায়েৎ হোসেন বলেন,‘এসরাক গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত জেনেছি আমরা। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।’
নৌ-পুলিশের সাবইন্সপেক্টর মিজানুর রহমান অবশ্য পুলিশের চাঁদাবাজী’র অভিযোগ অস্বীকার করে বলেন,‘এসরাক-আইনুলের চাঁদাবাজী’র জন্য এখানে নৌ-পুলিশ এসেছে। আইনুল জয়শ্রী ইউপিতে গত নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছে, আমরা তাকে বলেছি ভালো হয়ে যাও, না হয় সমস্যা হবে। এসরাককে পুলিশ ধরতে পারে না। বিশাল হাওর এলাকা, থানা পুলিশ যেতে যেতে এসরাক নিরাপদ স্থানে চলে যায়। শানবাড়ী এলাকায় কিছু দিনের মধ্যেই নৌ-পুলিশ ক্যাম্প হচ্ছে। ওখানে ক্যাম্প হবার পর ধর্মপাশা থানা পুলিশ সহযোগিতা চাইলে, আমরা এসরাককে গ্রেপ্তার করতে সহযোগিতা করবো।’

  • [১]