শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় করোনার টিকা প্রদানে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার সকাল থেকে একই সাথে উপজেলার শান্তিগঞ্জ বাজারের সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মান্নান চত্বর, পাগলা বাজার ডাকবাংলোর সামনে ও দিরাই— মদনপুর সড়কের পাশে পাথারিয়া বাজারে সপ্তাহব্যাপী করোনা টিকার মেলা শুরু হয়েছে। উপজেলার সর্বস্তরের মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে এ উদ্যোগ নিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। টিকার মেলায় টিকা নেয়ার জন্য কোন কাগজপত্র লাগবে না। শুধু বয়স ১৭ এর উর্ধ্বে হলে যে কেউ টিকা নিতে পারবেন। মেলায় শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী ১৫২ জন নারী পুরুষ টিকা গ্রহণ করেছেন।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারে পৃথক পৃথক টিমে বিভক্ত হয়ে করোনা টিকার মেলা শুরু হয়েছে। এসকল কেন্দ্রে প্রচুর লোকজনদের ভিড় লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, মেলাটি পয়েন্টে হওয়ায় প্রথমদিনেই বেশ সাড়া পাচ্ছি আমরা। সড়কের পাশে মেলার স্টল হওয়ায় পরিবহন শ্রমিকরা বেশি টিকা নিতে আসছেন।