- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী কর্তৃক জোর পূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া গ্রামের পূর্বের হাওরে।
গত ২৪ ডিসেম্বর ও ১২ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত শান্তিঞ্জের ছয়হাড়া গ্রামের মৃত. আব্দুল আজিজ চৌধুরীর ছেলে আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরীর ছেলে মিজানুর রহমান ও মারজান আহমদের বিরুদ্ধে বিবিধ মোকদ্দমা নং ১৫/২০২২ ইং ও ২৭/২০২২ ইং দায়ের করেন লন্ডন প্রবাসী ছয়হাড়া গ্রামের আবুল মনসুর চৌধুরীর স্থাবর অস্তাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণকারী পাওয়ার এটর্নি প্রাপ্ত শাহজালাল উপশহর সিলেটের বাসিন্দা মৃত. আবুল হোসেনের ছেলে মো. ইকবাল।
অভিযোগ সূত্রে জানা যায়, আবুল মনসুর চৌধুরী স্থায়ীভাবে পরিবার পরিজনকে নিয়ে লন্ডনে বসবাস করেন। দেশে তার ৮.০৬১২ একর জমি সহ একাধিক জমি রয়েছে। যা তার বোন জামাই অভিযোগকারী বিভিন্ন লোকজনকে বর্গাচাষ দিয়ে আসছেন। এ বছর তিনি উক্ত ভূমি বর্গাচাষ দিতে ও বিভিন্ন ডুবাতে বাঁশ কাটা লাগাতে আসলে আব্দুল আহাদ চৌধুরী, মিজানুর রহমান ও মারজান আহমদ ভূমি বর্গাচাষ দিতে ও বাঁশ কাটা লাগাতে বাধা দেয় ও প্রবাসীর সকল সম্পত্তি দখল করার হুমকী দেয়। তখন নিরুপায় হয়ে মো. ইকবাল বিজ্ঞ আদালতে একাধিক মোকদ্দমা দায়ের করলে আদালত উক্ত জায়গায় আইন শৃংখলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা নোটিশ জারি করার পর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১ ফেব্রুয়ারি বিবাদীগণ জোরপূর্বক ভূমি চাষাবাদ ও বোর ধানের বীজ রোপন করে।
এ ব্যাপারে লন্ডন প্রবাসী আবুল মনসুর চৌধুরীর পক্ষে অভিযোগকারী ইকবাল জানান, আমি পাওয়ার এটর্নি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ আমার আত্মীয়ের সম্পত্তি দেখাশুনা করে আসছি। কিন্তু বর্তমানে নামাংকিতরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সম্পত্তি দখল সহ আমাকে প্রাণনাশের হুমকী ধামকী দিচ্ছে। আমি এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আহাদ চৌধুরী জানান, আমরা দখল পজিশনে আছি। উপজেলা এসিল্যান্ড অফিস আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে, আমরা আমাদের জমিতেই আছি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, পক্ষদ্বয়ের মধ্যে আইন শৃংখলা রক্ষার স্বার্থে নোটিশ জারি করা হয়েছে। যদি কোন পক্ষ তা অমান্য করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]