শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার কৃষকদের নিয়ে বোর ফসল রক্ষার্থে পাউবোর অধীনে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ, ক্লোজার (ভাঙ্গা) বন্ধকরণ ও মেরামতের জন্য ডিসেম্বর মাসের শেষ দিকে নির্ধারিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সেই লক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নে কৃষকদের নিয়ে গণশুনানি শুরু হয়েছে।
বুধবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর সংলগ্ন আস্তমা গ্রামের উত্তরে দেখার হাওর বেরী বাঁধের মুখে পিআইসি কমিটি গঠনের লক্ষে জয়কলস ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আনোয়ার উজ জামান। শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা (পাউবো) এর উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম’র পরিচালনায় গণশুনানিতে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, কৃষি কর্মকর্তা খন্দকার সুহেল আহমদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ স¤পাদক মো. আবু সঈদ প্রমুখ।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আনোয়ার উজ জামান বলেন, এবারের বাঁধ নির্মাণ কাজে পিআইসি কমিটিতে যেসব সদস্য রাখা হবে, তাদের অবশ্যই যাচাই-বাছাই করে রাখতে হবে। যাদের জমি আছে তাদের রাখতে হবে। একটি পিআইসিকে একটি কাজ দেয়া হবে।