শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার হইতে গরু নিয়ে ছাতকের উদ্দেশ্যে যাওয়ার সময় নোয়াখালী বাজারের নিকটস্থ ইমাম নগর পৌঁছলে একটি টাটা এইচ পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো- নং-১৭-৩৩৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। পিকআপটি দ্রুত মূল সড়কে উঠার চেষ্টা করলে উল্টে যায়। এদিকে অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল ঘটনার আকস্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের ৫ জন যাত্রী আহত হন।
পিকআপ গাড়িতে থাকা গরুর মালিক ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের মৃত কালাশাহ এর ছেলে রাহুল (২৬) অজ্ঞান অবস্থায় এবং গাড়ীতে থাকা আরও ৫জনকে স্থানীয় নোয়াখালী বাজার এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
অন্যান্য আহতরা হলেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. নুনু মিয়া (৫০), একই উপজেলার গণিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আব্দুল মালিক (৫০) ও মৃত জসিম উদ্দীনের ছেলে একরাম উদ্দীন (৩২), বড়কাপন গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহুল আহমদ (৩২)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী।